ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পানিতে ভাসছে জামালপুর শহর, চরম দুর্ভোগে নগরবাসী
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৭:৪৭ পিএম আপডেট: ১৩.০৭.২০২৬ ৭:৪৮ পিএম
X

টানা বর্ষণে পানিতে তলিয়ে গেছে জামালপুর শহরের বিস্তীর্ণ এলাকা। সড়ক, অলিগলি, বাজার ও বাড়িঘর—সবখানেই পানি। শহরের দুই-তৃতীয়াংশ এলাকা এখন কার্যত জলাবদ্ধ। মানুষের স্বাভাবিক জীবনযাত্রা থমকে গেছে। প্রতিদিনের কর্মস্থল, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।

বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, জলাবদ্ধতায় জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কোথাও থেমে থেমে, আবার কোথাও ঘণ্টার পর ঘণ্টা বৃষ্টির কারণে জেলা শহরসহ বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। কোথাও কোথাও প্রবল বর্ষণে সড়ক ভেঙে গেছে। ভাঙা সড়কে ভারী যানবাহন চলাচল করতে গিয়ে বিপাকে পড়েছে। কোনো কোনো বিদ্যালয়ের মাঠে পানি ঢুকে স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছে।

কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। ক্ষতির মুখে পড়েছেন কাঁচাবাজারের ব্যবসায়ীরা।

সরেজমিনে দেখা গেছে, শহরের গেইটপাড়, পাঁচরাস্তা মোড়, শেখের ভিটা বিজয় চত্বর, চামড়াগুদাম, কাচারিপাড়া, ফিসারি এলাকা, বনপাড়া, পশ্চিম নয়াপাড়াসহ প্রায় অর্ধশতাধিক এলাকায় সড়কে হাঁটুসমান, কোথাও তার চেয়েও বেশি পানি জমে আছে। দুর্ভোগ পোহাতে হচ্ছে চন্দ্রা, হাটচন্দ্রা, কাজিরআঁখ, পলাশতলা, বনপাড়া, পৌর গোরস্থান, বগাবাইদ, জুগিরগোপা, মনিরাজপুর, ইকবালপুর, কাচারিপাড়া, ফিসারিপাড়া, গেইটপাড়, মুকুন্দপাড়া, শাহাপুর, দাপুনিয়া, জঙ্গলপাড়া, লাঙ্গলজোড়া, বেলটিয়া, পলাশগড় ও সুরপাড়া এলাকার মানুষদের।

শহরের আব্দুল গফুর, মাওলানা আবু বকর সিদ্দিক, আবুল কাশেমসহ অনেকেই জানান, জলাবদ্ধতায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে তাদের আয় কমে গেছে। অফিস ছুটির সময় পরিস্থিতি আরও খারাপ হয়। রিকশা ও গণপরিবহন সংকটে পড়েছেন সাধারণ যাত্রীরা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর, পরিবহন শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী ও ভাসমান মানুষ।

শহরবাসীর অভিযোগ, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হওয়া ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতারই প্রতিফলন। একসময় যে খালগুলো শহরের অতিরিক্ত বৃষ্টির পানি দ্রুত সরিয়ে নিত, সেগুলোর অধিকাংশই এখন দখল, ভরাট ও সংকুচিত। কোথাও অননুমোদিতভাবে গড়ে উঠেছে ভবন, মার্কেটসহ নানা স্থাপনা। এছাড়া প্লাস্টিক ও পলিথিন বর্জ্যের অব্যবস্থাপনা, মৎস্যচাষের নামে যত্রতত্র বাঁধ নির্মাণ এবং রেলের জমি দখল করে নালা বন্ধ করার ফলে বৃষ্টির পানি বের হওয়ার স্বাভাবিক পথ হারিয়ে গেছে। ড্রেন নির্মাণ হলেও অনেক জায়গায় তা অপর্যাপ্ত, অকার্যকর অথবা নিয়মিত পরিষ্কার না হওয়ায় পানি দিনের পর দিন আটকে থাকে।

এদিকে, আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত জনদুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

খাল ও ড্রেন পরিষ্কারসহ কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে পৌর কর্তৃপক্ষের মনিটরিং ও তদারকি জোরদারের দাবি জানিয়েছেন শহরবাসী।

সাংবাদিক সাজ্জাদ আনসারী বলেন, জলাবদ্ধতা নিরসনের নামে অতীতে বিভিন্ন প্রকল্প ও পরিকল্পনার ঘোষণা দেওয়া হলেও বাস্তবে তার সুফল মেলেনি। নাগরিকদের করের টাকায় বাস্তবায়িত প্রকল্পগুলোর ব্যয়, অগ্রগতি ও ফলাফল নিয়ে জবাবদিহি নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে জামালপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, জলাবদ্ধতা নিরসনে বেশ কয়েকটি টিম মাঠে কাজ করছে। পরবর্তীতে জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য তিনটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

জামালপুর পৌরসভার প্রশাসক মৌসুমী খানম বলেন, টানা বৃষ্টির কারণে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানি দ্রুত অপসারণে কর্মীরা কাজ করছেন। দীর্ঘমেয়াদি সমাধানের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা নিয়েও কাজ চলছে।

জেজে/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝