গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় কভার্ডভ্যানের ধাক্কায় এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার বেড়াইদেরচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পিরোজপুর সদর উপজেলার উত্তররাণীপুর গ্রামের সেকান্দার আলী বেপারীর ছেলে রাকিব হাসান (৩৫) এবং তার স্ত্রী বিথী আক্তার (৩০)। রাকিব হাসান শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় অবস্থিত ডেনিম্যাক গার্মেন্টস লিমিটেডের মানবসম্পদ (এইচআর) বিভাগে কর্মরত ছিলেন। তাদের ৯ মাস বয়সী একটি সন্তান রয়েছে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, শনিবার দুপুরে রাকিব হাসান ও তার স্ত্রী বেড়াইদেরচালা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ময়মনসিংহগামী একটি অজ্ঞাত কভার্ডভ্যান তাদের ধাক্কা দেয়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই বিথী আক্তারের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় রাকিব হাসানকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর কভার্ডভ্যানটি পালিয়ে যায়। ঘাতক যানবাহনটিকে শনাক্ত ও আইনি ব্যবস্থা নিতে কাজ চলছে।
এফএ/এসআর