নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত প্রিন্সিপাল ১০০ শপিং মলে একটি মোবাইল ফোনের দোকানে চাঞ্চল্যকর চুরির ঘটনায় চোর চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করে সোনারগাঁ থানা পুলিশ।
শনিবার দিনব্যাপী কাঁচপুর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. বাবু মিয়া (৪০), মো. ইছহাক ওরফে সাগর (৪২), মো. কামাল হোসেন (৪০), মো. আলমগীর হোসেন (৪৫), মো. জামাল হোসেন (৩৮), আলাউদ্দিন মিয়া (৪৫), মো. সুমন মিয়া (৪১), মো. রুবেল মিয়া (২৩) ও আলামিন মিয়া (২৩)। গ্রেপ্তারকৃতদের বাড়ি কুমিল্লা ও চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায়।
জানা যায়, চলতি বছরের গত ১২ জুন সোনারগাঁওয়ের প্রিন্সিপাল ১০০ শপিং মলের আমিনুল টেলিকম নামের একটি মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। এসময় বিভিন্ন মডেলের ১২০টি আইফোন ও ২৬ টি স্মার্ট ফোনসহ নগদ ৬ লাখ টাকা লুটে নেয়।
এ ঘটনায় ভুক্তভোগী দোকান মালিক আমিনুল ইসলাম বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে পুলিশ চোরদের শনাক্ত ও গ্রেপ্তারে মাঠে নামেন। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে চোর সনাক্ত করে। পরে শনিবার সারাদিন জেলার তিনটি স্থানে অভিযান চালিয়ে চোর চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁও থানার ওসি মো. গোলাম সারোয়ার জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে চোর চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির ঘটনার সাথে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে।
এইচএমআর/এসআর