দিনাজপুরের চিরিরবন্দরে একটি ইজিবাইক চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
শনিবার (১১ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার কারেন্টহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, কারেন্টহাট বাজারের ইজিবাইক চালক মোস্তফা কামাল (৩২) তার ইজিবাইকটি রাস্তার পাশে রেখে পাশের একটি হোটেলে চা পান করতে যান। এ সময় সুযোগ নিয়ে দিনাজপুর সদর উপজেলার বড়বন্দর নতুনপাড়া এলাকার বাসিন্দা মনছার আলীর ছেলে আব্দুল হক (৬০) ইজিবাইকটি নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।
বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ধাওয়া করে তাকে আটক করেন এবং পরে পুলিশের কাছে সোপর্দ করেন।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।
এমইউএ/এসআর