নোয়াখালীর জেলা শহর মাইজদীতে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে স্বর্ণালংকার, প্রবেশপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র হারিয়ে পরীক্ষায় অংশ নিতে পারেননি দুই পরীক্ষার্থী।
ভুক্তভোগীরা হলেন জান্নাতুল নাঈমা (১৯) ও প্রাহিমা আক্তার শশী (১৯)। তারা নোয়াখালী সরকারি কলেজ-এর বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী। তাদের পরীক্ষা কেন্দ্র ছিল সোনাপুর কলেজ।
শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে মাইজদী শহরের মেহরান ডাইন রেস্তোরাঁর সামনের সড়কে এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা জানান, নাঈমা ও প্রাহিমা একই এলাকার বাসিন্দা এবং ঘনিষ্ঠ বান্ধবী। সকালে তারা পরীক্ষা কেন্দ্রে যাওয়ার উদ্দেশ্যে সোনাপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। অটোরিকশাটি মেহরান ডাইন রেস্তোরাঁর সামনে পৌঁছালে অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে তাদের অচেতন করে। পরে তাদের শরীরে থাকা স্বর্ণালংকার এবং সঙ্গে থাকা প্রবেশপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে সিএনজিচালক দুই শিক্ষার্থীকে অচেতন অবস্থায় রেখে চলে যান বলে পরিবারের অভিযোগ। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেন। পরে তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার কারণে তারা নির্ধারিত এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি।
এ বিষয়ে নজরুল ইসলাম বলেন, পরীক্ষার্থীদের স্বজনরা এখনো আনুষ্ঠানিকভাবে থানায় অভিযোগ করেননি। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
-টিএস