ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মূল্যস্ফীতির চাপে সীমিত আয়ের মানুষ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৫:৪৫ পিএম
X
Advertisement

দেশে টানা তিন মাস ধরে সাধারণ মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে অবস্থান করছে। ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে সীমিত ও মধ্যম আয়ের মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়েছে। বাজারে চাল, ডাল, ভোজ্যতেল, মাছ, মাংস, ডিম, দুধ ও সবজিসহ প্রায় সব ধরনের নিত্যপণ্যের উচ্চমূল্যে দিশেহারা ভোক্তারা।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত জুন মাসের সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশে সাধারণ মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ১৬ শতাংশ। এর আগে মে মাসে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৪২ শতাংশ, যা ২০২৫ সালের ফেব্রুয়ারির পর সর্বোচ্চ। যদিও জুনে মে মাসের তুলনায় মূল্যস্ফীতি কিছুটা কমেছে, তবুও তা সরকারের লক্ষ্যমাত্রার অনেক ওপরে রয়েছে।

সরকার ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে। কিন্তু বাজেট ঘোষণার মাসেই মূল্যস্ফীতি ৯ শতাংশের বেশি থাকায় সেই লক্ষ্য অর্জন নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

বিবিএসের তথ্যমতে, জুন মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৬০ শতাংশ হয়েছে, যা মে মাসে ছিল ৯ দশমিক ০৬ শতাংশ। একই সময়ে খাদ্য-বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি ৯ দশমিক ৭১ শতাংশ থেকে কমে ৯ দশমিক ৬১ শতাংশে নেমেছে। তবে সার্বিক মূল্যস্ফীতি এখনও উচ্চ পর্যায়েই রয়েছে।

অর্থনীতিবিদদের মতে, চলতি বছরের এপ্রিল ও মে মাসে দুই দফা জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং মে মাসের শেষ দিকে বিদ্যুতের দাম বাড়ানোর প্রভাব বাজারে পড়েছে। জ্বালানি ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি পরিবহন ব্যয় এবং উৎপাদন খরচ বাড়িয়ে দেয়। এর ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বেড়ে যায়, যার চাপ শেষ পর্যন্ত ভোক্তাদের ওপরই পড়ে।

এদিকে মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে মজুরি না বাড়ায় সীমিত আয়ের মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। বিবিএসের তথ্যমতে, জুন মাসে মজুরি বৃদ্ধির হার কমে ৮ দশমিক ১৮ শতাংশে দাঁড়িয়েছে, যা মে মাসে ছিল ৮ দশমিক ২১ শতাংশ। অর্থাৎ মূল্যস্ফীতির তুলনায় আয় বৃদ্ধির হার কম থাকায় মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতা হ্রাস পাচ্ছে।

শহরের তুলনায় গ্রামে মূল্যস্ফীতির চাপ বেশি। জুন মাসে গ্রামীণ এলাকায় সাধারণ মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ২৩ শতাংশ, যেখানে শহরাঞ্চলে তা ছিল ৯ দশমিক ০১ শতাংশ।

বিশ্লেষকদের মতে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর বাজার তদারকি, সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করা এবং জ্বালানি ও নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখার উদ্যোগ জোরদার করা না গেলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়তে পারে।

এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement