গাইবান্ধার পলাশবাড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ এ আদেশ জারি করেন।
প্রশাসন জানায়, একই দিন ও একই স্থানে উপজেলা বিএনপি ও জামায়াতের পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হওয়ায় জননিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শরীফ আল রাজীব জানান, মঙ্গলবার বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত পলাশবাড়ী চৌমাথা ও এর চারপাশের ৫০০ মিটার এলাকায় ১৪৪ ধারা কার্যকর থাকবে।
এ সময় পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, মিছিল, স্লোগান, শব্দবর্ধক যন্ত্রের ব্যবহার এবং অস্ত্র বা লাঠি বহন নিষিদ্ধ থাকবে। তবে যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে।
এর আগে সোমবার (২৯ জুন) রাতে উপজেলার জুনদহ এলাকায় বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম জানান, ঘটনার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে এলাকায় টহল জোরদার করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি বলে তিনি জানান।
-টিএস