মুন্সীগঞ্জের গজারিয়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মঞ্জু মিয়া (৩৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মঞ্জু মিয়া নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় ‘আলিফ কাচ্চি’ নামক একটি রেস্তোরাঁয় কর্মরত এবং বর্তমানে উপজেলার করিমখাঁ গ্রামে ভাড়া বাসায় থাকেন।
ভুক্তভোগী শিশুটির বাবার অভিযোগ, সকালে তার মেয়ে শৌচাগার থেকে বের হয়ে একটি টিউবওয়েলে পানি ব্যবহার করছিল। এ সময় অভিযুক্ত মঞ্জু মিয়া অতর্কিতে এসে শিশুটিকে জড়িয়ে ধরে এবং তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। বিষয়টি শিশুটির মা দূর থেকে দেখে চিৎকার শুরু করলে অভিযুক্ত ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয় জনতা ধাওয়া করে তাকে আটক করে গণপিটুনি দেয়। শিশুটির পরিবার এ ঘটনার সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে।
তবে শ্লীলতাহানির অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মঞ্জু মিয়া। তার দাবি, আমি শিশুটির বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় পানি পানের উদ্দেশ্যে টিউবওয়েলের কাছে যাই। এ সময় শিশুটির মা আমাকে চোর ভেবে চিৎকার শুরু করলে ভয়ে আমি দৌঁড়ে পালাই। তখন স্থানীয়রা আমাকে মারধর করে। আমি শিশুটির সাথে কোনো খারাপ আচরণ করিনি।
এ বিষয়ে গজারিয়া থানার কর্তব্যরত উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আলম বলেন, 'ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ নয়াকান্দি এলাকায় পৌঁছায়। পরে ঘটনাস্থল থেকে উত্তেজিত জনতার হাতে গণপিটুনির স্বীকার আহত অভিযুক্ত মঞ্জু মিয়া ও ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করা হয়। তাদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।'
এইউ/এমএ