বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করতে পারলে সরকারকে সঠিক পথে রাখতে এবং জবাবদিহির আওতায় আনতে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
মঙ্গলবার বিকেলে সিলেট মহানগর জামায়াত আয়োজিত শাহী ঈদগাহ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “বিরোধী দল মানেই দুর্বল বা অকার্যকর নয়। দায়িত্ববোধ ও জনস্বার্থের প্রশ্নে দৃঢ় অবস্থান নিয়ে কাজ করলে বিরোধী দল থেকেও সরকারের কার্যক্রমে ইতিবাচক প্রভাব রাখা যায়। সরকার সীমা অতিক্রম করলে গণতান্ত্রিক উপায়ে তার প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলা হবে।”
দেশের ব্যাংকিং খাত নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, আর্থিক খাতের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। তিনি অভিযোগ করেন, ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও সুশাসনের ঘাটতি রয়েছে এবং কিছু সিদ্ধান্ত দেশের অর্থনীতির জন্য উদ্বেগজনক।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ প্রসঙ্গেও তিনি সমালোচনা করেন। একই সঙ্গে ইসলামী ব্যাংককে ঘিরে বিভিন্ন কর্মকাণ্ডের বিষয়ে সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি দাবি করেন, ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।
শফিকুর রহমান আরও বলেন, শিশু ধর্ষণ, হত্যা, খুন, চুরি-ছিনতাই আশঙ্কাজনক হারে বেড়েছে। অথচ সরকার রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন স্তরে দলকানাদের বসাতে ব্যস্ত। তিনি অভিযোগ করেন, জুলাই সনদ ও গণভোট নিয়ে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। প্রায় ৭০ শতাংশ জনগণের মতামতকে অগ্রাহ্য করে সরকার ফ্যাসিবাদের পথে হাঁটছে।
তিনি জ্বালানি তেলের দাম বৃদ্ধির সমালোচনা করে বলেন, রাতের আঁধারে দাম বাড়ানো হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান। এছাড়া জামায়াত ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, জুলাই শহীদদের আকাঙ্ক্ষা পূরণে জামায়াত কাজ চালিয়ে যাবে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় সংসদে ও রাজপথে লড়াই অব্যাহত থাকবে।
এর আগে ডা. শফিকুর রহমান দুপুরে সিলেটে খুন হওয়া চার বছরের শিশু ফাহিমা আক্তারের বাড়িতে গিয়ে তার পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, দেশ ভালো নেই। এতো মানুষের রক্তের বিনিময়ে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, দেশ এখন সেই প্রত্যাশার বিপরীতে হাঁটছে।
শিশু ফাহিমা হত্যা প্রসঙ্গে তিনি বলেন, আমার মুখে আমার হাসি, বুকে আমার কান্না। ফাহিমার ছবি দেখলে চোখে পানি ধরে রাখা সম্ভব হয় না।একটা লম্পট ছেলের হাতে ফাহিমার জীবন ও ইজ্জত ছিন্নভিন্ন হয়েছে। একটা গোলাপ ফুলের মতো বাচ্চাকে তার মা-বাবার চোখের সামনে থেকে কেড়ে নেওয়া হয়েছে। এরকম লম্পটদের একমাত্র শাস্তি হচ্ছে তাদের দুনিয়ায় বেঁচে থাকার অধিকার নেই। শাস্তি না হলে লম্পটদের দৌরাত্ম্য আরও বেড়ে যাবে। তিনি অভিযোগ করেন, ঘটনার পর ২৮ দিন অতিবাহিত হলেও এখনও চার্জশিট দাখিল হয়নি। বিচার দীর্ঘসূত্রিতার দিকে গেলে তা হবে না বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। তিান স্থানীয় সংসদ সদস্যকে দ্রুত বিচার সম্পন্ন করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
প্রসঙ্গত, গত ৬ মে নিখোঁজ হওয়ার পর ৮ মে বাড়ির পাশের একটি ডোবা থেকে ফাহিমার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে প্রতিবেশী চাচা জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়।
জ্বালানি তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, গত মাসে প্রায় ১৫ শতাংশ পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। এই মাসে আবার ৫ টাকা করে বাড়ানো হয়েছে। পার্লামেন্টে কোনো আলোচনা ছাড়াই এভাবে দাম বাড়ানো জনগণের সঙ্গে প্রতারণা।
তিনি আরও বলেন, জ্বালানির দাম বৃদ্ধির ফলে সবকিছুর দাম বাড়বে, এতে ভুক্তভোগী হবে সাধারণ মানুষ।
হামে শিশু মৃত্যুর প্রসঙ্গেও তিনি সরকারের ব্যর্থতার সমালোচনা করে বলেন, অন্তর্বর্তী সরকার যদি হামের টিকা না দিয়ে থাকে, তবে তার জবাব তাদের দিতে হবে। কিন্তু এই সরকারও আগে থেকে ব্যবস্থা নেয়নি। কেন আগে থেকেই টিকার ব্যবস্থা করা হলো না?
পরে সকালে নগরীর একটি মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরের সেক্রেটারিয়েট সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি তরুণ সমাজকে নৈতিকতা ও একাডেমিক উৎকর্ষতার সমন্বয়ে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষা এমন হওয়া উচিত, যা মানুষের মধ্যে নৈতিকতা, দায়িত্ববোধ, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটায়।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও মূল্যবোধভিত্তিক রূপে পুনর্গঠন করবে। ছাত্রশিবিরকে তরুণদের নৈতিকতা, শৃঙ্খলা ও নেতৃত্বগুণ বৃদ্ধিতে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াতে ইসলামী সিলেট মহানগরের আমীর ফখরুল ইসলাম, সিলেট জেলা আমীর হাবিবুর রহমান, জেলার নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট মহানগরের সেক্রেটারি শাহজাহান আলী, ছাত্রশিবির শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাসুদ রানা তুহিন, সিলেট জেলা পূর্বের সভাপতি আবু আইয়ুব মঞ্জু এবং সিলেট জেলা পশ্চিমের সভাপতি আবু জুবায়ের।
এসআর