ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মালবাহী ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) বিকেল ৪টার দিকে ঢাকা–সিলেট মহাসড়কের সোনারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের আলকাছ মিয়ার ছেলে জিয়াউল আমীন (২৫) এবং একই এলাকার শাহেদ আলীর ছেলে শাহ আলম (৩০)। তারা দুজনই মধ্যপ্রাচ্য প্রবাসী ছিলেন। সম্প্রতি ছুটিতে দেশে ফিরেছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মোটরসাইকেলে করে আশুগঞ্জের দিকে যাচ্ছিলেন তারা। পথে সোনারামপুর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ওসি মো. আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং স্বজনদের অনুরোধে আইনি প্রক্রিয়া শেষে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করে।
দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে এর চালক পলাতক রয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এসআর/আরএন