লালমনিরহাট পৌরসভার বাবুপাড়া এলাকায় স্বামীকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হৃদয় (২৪) নামে ওই যুবককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী উম্মে জান্নাত সাথী (২৬)কে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার (১৩ মে) দুপুরে শহরের বাবুপাড়া এলাকার গাউছিয়া মসজিদ সংলগ্ন এলাকায় স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটে। দীর্ঘদিনের দাম্পত্য কলহের জেরে ঘরোয়া বিষয় নিয়ে তাদের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে স্ত্রী উম্মে জান্নাত সাথী প্রায় ৯ থেকে ১০ ইঞ্চি লম্বা একটি ধারালো চাকু দিয়ে স্বামী হৃদয়ের গলায় আঘাত করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
হৃদয়ের চিৎকার শুনে প্রথমে তার মা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত স্ত্রীকে আটক করে। এ সময় হামলায় ব্যবহৃত রক্তমাখা ধারালো চাকুও উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতিতে অভিযুক্ত নারীও আহত অবস্থায় পাওয়া গেলে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে। হামলায় ব্যবহৃত ধারালো চাকু উদ্ধার করা হয়েছে। ঘটনার কারণ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমএস/এসআর