লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্ত এলাকায় বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের মধ্যে সাময়িক বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে সীমান্তে স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে।
মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তিস্তা ব্যাটালিয়নের অধীন ধরলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৮৭৩/১৫-এস এর শূন্য রেখার কাছাকাছি এলাকায় কয়েকজন নারী ঘাস কাটাকে কেন্দ্র করে দুই দেশের স্থানীয় নাগরিকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় ভারতের ১৫৬ ব্যাটালিয়ন বিএসএফ-এর নালংগিবাড়ী ক্যাম্পের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজিবি ও বিএসএফ সদস্যদের সমন্বিত প্রচেষ্টায় উভয় পক্ষকে শান্ত করা হয় এবং সীমান্ত এলাকায় স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা সম্ভব হয়।
বিজিবি জানায়, সীমান্ত এলাকার নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে তারা স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় ও সহযোগিতার ভিত্তিতে দায়িত্ব পালন করে আসছে। একই সঙ্গে স্থানীয়রাও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় বিজিবিকে সহযোগিতা করছে, যা সীমান্ত এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এমএস/এসআর