নোয়াখালী সদরে প্রকাশ্যে জুয়ার আসরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৬২ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়।
রোববার (২৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন। এর আগে, শনিবার দিবাগত রাত ১টার দিকে নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মহব্বতপুর এলাকার কালিতারা বাজারের একটি মাছ বিক্রয় ঘরে অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের শল্যাঘটাইয়া গ্রামের মো. দেলোয়ার হোসেন শিপন (৪০), নোয়াখালী পৌরসভার মহব্বতপুর গ্রামের মো. আতিকুর রহমান টিপু (৪০) এবং কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের পূর্ব রাজুরগাঁও গ্রামের মো. জামাল উদ্দিন (৬০)।
পুলিশ জানায়, মহব্বতপুর এলাকায় একটি সংঘবদ্ধ চক্র প্রকাশ্যে জুয়া খেলছিল—এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
ডিবি পুলিশের ওসি মো. মহিউদ্দিন বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হবে।
এমআর/এসআর