পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে এলাকায় পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের মধ্যে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, ভাংচুর ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার ঈশ্বরদী সরকারি কলেজের প্রধান ফটকের বাইরে এ ঘটনা ঘটে।
সংঘর্ষ চলাকালে ছাত্রশিবিরের হামলায় কলেজ ছাত্রদলের দখলে থাকা একটি ঘর ভাংচুর ও বিএনপির ব্যানার তছনছ করা হয়।
অপরদিকে ছাত্রদলের নেতাকর্মীরাও কলেজ ক্যাম্পাস দখলে নেয় এবং ইটপাটকেল ছুঁড়ে ও শহরে বিক্ষোভ করে।
দুই ছাত্র সংগঠনের সংঘর্ষের ফলে সরকারি কলেজে চলমান ক্লাস পরীক্ষা ও পাঠদান ব্যাহত হয়। শিক্ষক শিক্ষার্থীরা আতংকিত হয়ে পড়েন। বর্তমানে কলেজ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। শহরে উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ, শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামে দেওয়ালে গ্রাফিতি নিয়ে সৃষ্ট ঘটনার প্রতিবাদ জানাতে গতকাল বুধবার (২২ এপ্রিল) ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের ব্যানারে কর্মসূচি ঘোষণা দেয়। ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকে কলেজ চলাকালীন সময় তারা অবস্থান কর্মসূচি পালনের শান্তিপূর্ণ কর্মসূচির ঘোষণা দেন। একইসঙ্গে ইসলামী ছাত্রশিবিরও পূর্বপ্রস্তুতি হিসেবে আজ বৃহস্পতিবার কলেজে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করে।
এদিকে দুই ছাত্র সংগঠনের পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে বৃহস্পতিবার সকাল থেকেই কলেজ এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। আজ বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা কলেজ এলাকায় জড়ো হতে থাকে। এসময় সড়ক দিয়ে ছাত্রশিবিরের একটি মিছিল কলেজ গেট এলাকায় আসার সময় কে বা কারা পাথর নিক্ষেপ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শিবির দাবি করে, তাদের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রদল পাথর নিক্ষেপ করেছে। এর পরপরই দুইপক্ষের মধ্যে প্রচন্ড সংঘর্ষ বেঁধে যায়। শিবিরের নেতাকর্মীর এসময় ছাত্রদলের কয়েক নেতাকর্মীকে ধাওয়া দেয় এবং "নারায়ে তগবির আল্লাহ আকবর" শ্লোগান দিয়ে মিছিল থেকে কলেজ গেটের পাশে টিনসেড ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও তছনছ এবং বিএনপি চেয়ারপারসনের বেগম খালেদা জিয়ার, প্রধানমন্ত্রী তারেক রহমান ও চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের ব্যানার ছিড়ে তছনছ করে ফেলে দেয়। এতে সংঘর্ষ আরও বেধে যায়। এসময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত, দুইপক্ষের মধ্যে ইটপাটকেল ও পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। শিবিরের ছাত্ররা সেখান থেকে লাঠিসোটা নিয়ে বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।
ছাত্রশিবির উপজেলা শাখার সভাপতি সজীব হাসানের অভিযোগ, শুরু থেকেই শিবিরকে গুপ্ত বলে আমাদের বিরুদ্ধে নানা কুৎসা রটাচ্ছে ছাত্রদল। এসব কারণে আমরা ছাত্রদের নিয়ে বিক্ষোভ করার সময় ঘোষণা করেছি। কিন্তু আজ আমাদের মিছিলকে উদ্দেশ্য করে ইট পাটকেল ছোঁড়ে ছাত্রদল। তারা আমাদের উদ্দেশ্য করে কয়েক রাউন্ড গুলিও ছুঁড়েছে।
অপরদিকে ছাত্রদলের নেতাকর্মীরা সংঘর্ষকালে কলেজ এলাকায় জড়ো হয়ে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করে। এতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ঈশ্বরদী উপজেলা শাখা ছাত্রদলের সভাপতি খালেদ বিন প্রার্থী অভিযোগ করেন, ছাত্র শিবিরের নেতাকর্মীরা কলেজে বিক্ষোভ করবে এতে আমাদের কোন সমস্যা নেই। তবে আমাদের কাছে তথ্য আছে তারা বহিরাগতদের নিয়ে কলেজে নৈরাজ্য সৃষ্টি করবে। সেই তথ্য অনুযায়ী শিবির বহিরাগতদের সঙ্গে নিয়ে সন্ত্রাসী হামলা চালিয়ে আমাদের অফিস ভাংচুর করেছে। ককটেল হামলা চালিয়ে আতংক সৃষ্টি করেছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশাদুর রহমান জানান, দুই ছাত্র সংগঠন পাল্টাপাল্টি কর্মসূচি পালনের সময় উভয়পক্ষ মুখোমুখি হওয়ায় এ সংঘর্ষ হয়েছে। তবে আগে থেকেই সেখানে পুলিশ অবস্থান নেওয়ায় বড় ধরনের কিছু হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
কলেজ অধ্যক্ষ অধ্যাপক আমজাদ হোসেন বলেন, কলেজ ক্যাম্পাস এলাকায় বাইরে ঘটনাটি ঘটেছে। তবু ছাত্রছাত্রীরা নিরাপত্তার আমরা সচেষ্ট ছিলাম। কলেজ পরিস্থিতি এখন শান্ত।
কেএমএইচ/এসআর