জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অতীতে কেউ ছাত্রদল, ছাত্রশিবির বা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও তারা এনসিপিতে যোগদানের ক্ষেত্রে বাধা হবে না।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের নেতাদের এনসিপিতে যোগদান উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
নাহিদ ইসলাম বলেন, অতীতের রাজনৈতিক পরিচয়ের চেয়ে বর্তমান অবস্থান ও আদর্শই এনসিপির কাছে বেশি গুরুত্বপূর্ণ। কেউ এনসিপিতে যোগ দিলে তাকে দলটির সংগঠক ও কর্মী হিসেবেই বিবেচনা করা হবে এবং দলীয় আদর্শ অনুযায়ী কাজ করতে হবে।
তবে তিনি স্পষ্ট করেন, ফ্যাসিবাদে সম্পৃক্ততা, গণহত্যায় অংশগ্রহণ, চাঁদাবাজি বা দুর্নীতির অভিযোগ রয়েছে—এমন ব্যক্তিদের দলে অন্তর্ভুক্ত করা হবে না।
তিনি আরও বলেন, একটি আদর্শভিত্তিক ও দায়িত্বশীল রাজনৈতিক দল গড়ে তুলতেই এনসিপি কাজ করছে।
তিনি বলেন, যারা এনসিপির গঠনতন্ত্র অনুযায়ী এনসিপির দায় ও দরদের রাজনীতি প্রতিষ্ঠা করতে চান, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চান, সেই রাজনীতিকে ধারণ করে আমরা সবাই জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা মাথায় রেখে সামনের দিনে এগোতে চাই।
নাহিদ ইসলাম বলেন, আজ যারা আসছেন আমরা মনে করি তারা আমাদের সঙ্গেই এতদিন ছিলেন। আমরা একসঙ্গেই ছিলাম, হয়তো প্ল্যাটফর্ম ভিন্ন ছিল। আজ আমরা আনুষ্ঠানিকভাবে একত্রিত হচ্ছি এবং সারাদেশের তরুণদের পাশাপাশি সব বয়সি মানুষকে আহ্বান জানাচ্ছি এনসিপির হাত শক্তিশালী করুন, এনসিপিতে যোগ দিন।
তিনি আরও বলেন, বাংলাদেশে নতুন কোনো স্বৈরতন্ত্রের যাতে উদ্ভব না ঘটে এজন্য তরুণদের ভূমিকা রাখতে হবে। বাংলাদেশের মানুষ গণভোটে রায় দিয়েছে সংস্কারের পক্ষে। সেই রায় অবশ্যই বাস্তবায়ন করতে হবে। জনগণকে তার অধিকার ফিরিয়ে দিতে হবে।
এসআর