বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ঐতিহাসিক ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লবের চেতনাকে ধারণ করেই বিএনপির জন্ম হয়েছে। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো সেই বিপ্লবেরই ধারক বলে মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর নয়াপল্টন আনন্দ কমিউনিটি সেন্টারে যুবদলের সাবেক সহ-সভাপতি মরহুম জাকির হোসেন নান্নুর স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মানুষের স্বাধীনভাবে কথা বলার অধিকার নিশ্চিত করার লক্ষ্যেই বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল। দলের ভেতরে বিপ্লবের শক্তি বিদ্যমান রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
রিজভী নেতাকর্মীদের হতাশ না হয়ে দলীয় আদর্শ ধারণ করে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের শাসনের অবসান, নানা প্রতিকূলতা মোকাবিলা করে দলের শীর্ষ নেতার দেশে প্রত্যাবর্তন এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ প্রমাণ করে যে ত্যাগ ও শ্রম কখনো বৃথা যায় না।
তিনি বলেন, “হতাশ হওয়ার কিছু নেই। ন্যায়ের শক্তিই একদিন সব শূন্যতা পূরণ করবে।”
বর্তমান সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির প্রশংসা করে বিএনপির এই নেতা বলেন, সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচির পরিধি বাড়াচ্ছে এবং কৃষক কার্ড বিতরণ করছে। এসব উদ্যোগের সুফল আগামী দিনে সাধারণ মানুষের কাছে পৌঁছালে ত্যাগী নেতাকর্মীদের অবদান সার্থক হবে বলে মন্তব্য করেন তিনি।
দলের চেয়ারম্যানের দেশে ফেরা প্রসঙ্গে রিজভী বলেন, দীর্ঘ সময় প্রবাসে থেকে নানা প্রতিকূলতা মোকাবিলা করে তাঁর দেশে প্রত্যাবর্তন ও প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা। এ কারণে নেতাকর্মীদের তাঁর প্রতি আস্থা রাখার আহ্বান জানান তিনি।
বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের প্রসঙ্গও তুলে ধরেন রিজভী। তিনি বলেন, দীর্ঘ সময় পর এ ঘটনায় অভিযুক্ত একজন সেনা কর্মকর্তার গ্রেপ্তার বিচারহীনতার বিষয়টিকে সামনে এনেছে। একই সঙ্গে অতীতের বিভিন্ন রাজনৈতিক ঘটনার তদন্ত ও জবাবদিহির দাবি জানান তিনি।
এছাড়া সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় হামলা ও সহিংসতার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিএনপির এই নেতা।
অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেবি/এসআর