ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বহিষ্কৃত নজরুলকে ঘিরে উত্তাল সাতক্ষীরা, গ্রেফতার হতে পারেন
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৬:২৪ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর সাবেক নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে জেলার রাজনৈতিক অঙ্গন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘ব্যক্তিগত মুহূর্তের’ একটি ভিডিওকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্কের জেরে দলীয় তদন্তের পর নৈতিক স্খলনের অভিযোগে তাকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। একই সঙ্গে তার সংসদ সদস্য পদ নিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে দলটি। এর মধ্যে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় একজন গ্রেফতার ও জবানবন্দি নেওয়ার পর গাজী নজরুল ইসলামও গ্রেফতার হতে পারেন-এমন আলোচনা চলছে। সব মিলিয়ে তাকে ঘিরে সাতক্ষীরার রাজনীতিতে তৈরি হয়েছে নতুন উত্তেজনা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ার পর গতকাল বুধবার (২২ জুলাই) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বহিষ্কারের সিদ্ধান্তের বিষয়টি আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে জাতীয় সংসদের স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি দিয়ে অবহিত করেছে দলটি।

চিঠিতে জামায়াতে ইসলামী জানায়, সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে সাংগঠনিক তদন্ত করা হয়। ওই তদন্তে তার নৈতিক স্খলনের বিষয়টি প্রমাণিত হয়েছে বলে দাবি করেছে দলটি। এর পরিপ্রেক্ষিতে জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, গতকাল ২২ জুলাই বুধবার বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে সর্বসম্মতভাবে গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

একই চিঠিতে গাজী নজরুল ইসলামের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে অনুরোধ করেছে জামায়াতে ইসলামী।

এদিকে, গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ নিয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, জাতীয় সংসদ থেকে আনুষ্ঠানিক কোনো রেফারেন্স না পাওয়া পর্যন্ত কমিশনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই।

তিনি বলেন, সংসদ থেকে বিষয়টি নির্বাচন কমিশনে পাঠানো হলে আইন অনুযায়ী তদন্ত ও প্রয়োজনীয় শুনানির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। বিষয়টির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গাজী নজরুল ইসলাম সংসদ সদস্য হিসেবে বহাল থাকবেন।

তবে জামায়াতে ইসলামী ইতোমধ্যে স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দিয়ে বহিষ্কারের বিষয়টি জানিয়েছে এবং গাজী নজরুল ইসলামের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছে। এখন সংসদ ও নির্বাচন কমিশন এ বিষয়ে কী পদক্ষেপ নেয়, সেটিই দেখার বিষয়।

এদিকে, গাজী নজরুল ইসলামকে ঘিরে বিতর্কের পর সাতক্ষীরার বিভিন্ন স্থানে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। বিভিন্ন দল ও সংগঠনের পক্ষ থেকে ঝাড়ু মিছিলসহ নানা কর্মসূচি পালন করা হয়। এসব কর্মসূচিতে তার বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হয়েছে।

অন্যদিকে, গাজী নজরুল ইসলামের গাড়িচালক তার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছেন। ওই মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে এবং তার জবানবন্দিও নেওয়া হয়েছে বলে জানা গেছে। মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। 

গাজী নজরুল ইসলামকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতিকে বিএনপি রাজনৈতিকভাবে কাজে লাগাতে পারে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকে। ইতোমধ্যে বিভিন্ন স্থানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি পালনের খবর পাওয়া গেছে। এসব কর্মসূচির মাধ্যমে বিএনপি ইস্যুটিকে জনপরিসরে আরও জোরালোভাবে তুলে ধরতে চাইছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

তাদের মতে, বিএনপি যদি এই ইস্যুকে ধারাবাহিকভাবে মাঠের রাজনীতিতে ধরে রাখতে পারে, তাহলে জামায়াতের বিরুদ্ধে জনমত তৈরিতে তা ভূমিকা রাখতে পারে। বিশেষ করে কোনো কারণে সাতক্ষীরা-৪ আসন শূন্য হলে এবং উপনির্বাচনের পরিস্থিতি তৈরি হলে, গাজী নজরুল ইসলামকে ঘিরে তৈরি হওয়া বিতর্ককে বিএনপি নির্বাচনী প্রচারণায় ব্যবহার করতে পারে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্তের কথা জানানো হয়নি।

গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর সাতক্ষীরায় জামায়াতের রাজনীতিতে অস্বস্তি তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক মহলের একটি অংশ। তাদের মতে, একজন সংসদ সদস্যকে ঘিরে এমন বিতর্ক এবং পরবর্তী সময়ে দলীয় বহিষ্কারের ঘটনা জামায়াতের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষের জন্যও এটি প্রচারণার সুযোগ তৈরি করেছে।

এখন সাতক্ষীরা-৪ আসনের রাজনৈতিক হিসাব-নিকাশ আবর্তিত হচ্ছে কয়েকটি প্রশ্নকে ঘিরে-গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বহাল থাকবে কি না, সংসদ ও নির্বাচন কমিশন এ বিষয়ে কী সিদ্ধান্ত নেয় এবং কোনো কারণে আসনটি শূন্য হলে উপনির্বাচনে কে কতটা সুবিধা নিতে পারবে।

সব মিলিয়ে গাজী নজরুল ইসলামকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক সাতক্ষীরার রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। বহিষ্কৃত এই সংসদ সদস্যকে ঘিরে জামায়াত যখন রাজনৈতিক ও সাংগঠনিক চাপ সামলাতে ব্যস্ত, তখন সেই সুযোগে বিএনপি নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করবে কি না-এখন সেটিই দেখার বিষয়।

-টিএস


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝