সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর ঘটনায় সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২১ জুলাই) দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গাজী নজরুল ইসলামকে ঘিরে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়টি দল নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এ ঘটনায় ইতোমধ্যে গাজী নজরুল ইসলামের নিজস্ব বিবৃতি, তাঁর প্রথম ও দ্বিতীয় স্ত্রীর বক্তব্য এবং দ্বিতীয় স্ত্রীর পিতার ভিডিও বক্তব্য প্রকাশিত হয়েছে।
জামায়াত জানায়, বিষয়টি সম্পর্কে আরও খোঁজখবর নিয়ে, প্রকৃত ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহ করে এবং সাংগঠনিক নিয়ম-কানুন অনুসরণ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
এর আগে সোমবার (২০ জুলাই) রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামকে ঘিরে একটি ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যাপকভাবে আলোচনার জন্ম দেয়।
এদিকে গাজী নজরুল ইসলাম এক বিবৃতিতে দাবি করেছেন, ভিডিওটি তাঁর ও তাঁর বৈধ দ্বিতীয় স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তের। তিনি অভিযোগ করেন, এটি ষড়যন্ত্রমূলকভাবে ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং ঘটনাটিকে রাজনৈতিক উদ্দেশ্যে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে। তাঁর দাবি, তাঁদের বিরুদ্ধে প্রচারিত বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ সত্য নয়।
তবে ভিডিওটির সত্যতা এবং এ-সংক্রান্ত অভিযোগগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এসআর