নওগাঁর পোরশা উপজেলায় পৃথক অভিযানে ২৯ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—সাপাহার উপজেলার আলাদীপুর দক্ষিণপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে তরিকুল ইসলাম, পোরশা উপজেলার সোমনগর কাজিপাড়া গ্রামের নুরে সালামের ছেলে নুরুজ্জামান, ধামানপুর গ্রামের শ্রী ফাগু লাকড়ার ছেলে শ্রী দিলীপ বাবু এবং একই এলাকার আইনুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম।
গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সারা দেশে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। প্রথমে নিতপুর কালাইবাড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস ট্যাপেন্ডাডলসহ তরিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে নোচনাহার এলাকায় পৃথক আরেকটি অভিযানে ১৯ পিস ট্যাপেন্ডাডলসহ নুরুজ্জামান, দিলীপ বাবু ও রাশেদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
কেএইচ/আরএন