নারায়ণগঞ্জের রূপগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় নজরুল ইসলাম (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার গন্ধবপুর নামাপাড়া এলাকায় রূপসী-কাঞ্চন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম উপজেলার গন্ধবপুর এলাকার বাসিন্দা। তিনি সবজি চাষ করে জীবিকা নির্বাহ করতেন।
নিহতের ছেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাকিল আহমেদ জানান, তারা দুই ভাই ও এক বোন। মঙ্গলবার দুপুরে তার বাবা গন্ধবপুর বাজার থেকে সদাই কিনে রূপসী-কাঞ্চন সড়ক হয়ে কর্ণগোপ সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। পথে নামাপাড়া মোড়ে পৌঁছালে ‘দুল দুল প্লাস’ নামের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়।
এতে নজরুল ইসলাম গুরুতর আহত হলে স্বজনরা তাকে উদ্ধার করে ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে কৃষক নজরুল ইসলামের মৃত্যুর ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এসআর