শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে জড়ো হওয়া শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। এ সময় আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।
মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে সংসদ ভবনের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ।
এর আগে মঙ্গলবার বিকেলে পুনরায় সায়েন্সল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। সেখান থেকে মিছিল নিয়ে সংসদ ভবনের সামনে গিয়ে অবস্থান নেন তারা।
এদিকে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রেক্ষিতে পরীক্ষা পেছানো বা মন্ত্রীর পদত্যাগের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
এর আগে টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে প্রায় এক ঘণ্টা অবরোধ করেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
পরে সেখান থেকে মিছিল নিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে অগ্রসর হন। বেলা সোয়া ১টার দিকে ভিসি চত্বরের সামনে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শিক্ষার্থীরা নীলক্ষেত থেকে টিএসসিগামী সড়কে অবস্থান নেন।
এরপরই সেখানে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে মুখোমুখি পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। বেলা আড়াইটার দিকে শিক্ষার্থীরা ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের দিকে চলে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা সংসদ ভবনের সামনে আন্দোলন করছেন।
এসআর