সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ভারতের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (১৪ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়ালকে শেখ হাসিনার প্রত্যাবর্তন ও সম্ভাব্য প্রত্যার্পণ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এই বিষয়ে আমাদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। যে কোনো প্রত্যার্পণ একটি আইনি বিষয়। আর এ ক্ষেত্রেও আইনিভাবে ব্যবস্থা নেওয়া হবে।”
সম্প্রতি বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা দাবি করেন, তিনি আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন এবং পলাতক অন্যান্য নেতাদের সঙ্গে আত্মসমর্পণ করবেন।
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করে ভারতে যান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।
সূত্র: এএনআই