ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
Advertisement
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাতেও আন্দোলনে শিক্ষার্থীরা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৯:৫৭ পিএম
X

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীতে আন্দোলন অব্যাহত রেখেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।

মঙ্গলবার দিনভর বিক্ষোভ, মিছিল ও সড়ক অবরোধের পর রাতেও রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে স্লোগান দিতে দেখা যায় তাদের।

দাবি আদায়ে জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে গেলে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে আন্দোলনকারীরা অভিযোগ করেছেন।

মঙ্গলবার বিকেলে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে সমাবেশ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে জাতীয় সংসদ ভবনের দিকে যান তারা। সংসদ ভবনের সামনের মানিক মিয়া অ্যাভিনিউয়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানালেও তারা অবস্থান চালিয়ে যান। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ শিক্ষার্থীদের সংসদ ভবনের সামনের এলাকা থেকে সরিয়ে দিলে তারা আসাদগেটের আড়ং মোড়ে অবস্থান নেন।

আন্দোলনকারীদের অভিযোগ, এ সময় পুলিশের লাঠিচার্জে কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরে উত্তেজিত কয়েকজন শিক্ষার্থী পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ আবারও তাদের সরিয়ে দেয়।

রাত পর্যন্ত শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে তাদের দাবির পক্ষে স্লোগান দেন। আন্দোলনকারীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—দুর্যোগ পরিস্থিতি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত করা, ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা এবং শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।

এদিকে জাতীয় সংসদে বক্তব্য দিয়ে নিজের একটি ব্যক্তিগত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেও শিক্ষার্থীদের আন্দোলন থামেনি।

মঙ্গলবার সংসদে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে শিক্ষামন্ত্রী জানান, চলমান বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন যেসব পরীক্ষা স্থগিত করা হয়েছে, সেগুলো নতুন প্রশ্নপত্রে পুনরায় নেওয়া হবে।

তিনি বলেন, চট্টগ্রাম বোর্ডের স্থগিত পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, যুক্তিবিদ্যা ও হিসাববিজ্ঞান বিষয়ের পরীক্ষা অন্য একটি প্রশ্নপত্র সেটে অনুষ্ঠিত হবে। একই সময়ে স্থগিত পরীক্ষাগুলোও নেওয়া হবে।

সংসদে নিজের সাম্প্রতিক একটি ব্যক্তিগত মন্তব্য প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি করেছেন। আমি কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু বলিনি। যদি কেউ আহত হয়ে থাকেন, আমি দুঃখ প্রকাশ করছি।’

এর আগে সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফোনালাপ ছড়িয়ে পড়ে। সেখানে শিক্ষামন্ত্রী বর্তমান শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে মন্তব্য করেছেন—এমন দাবি করে সমালোচনা শুরু হয়। ওই বক্তব্যকে কেন্দ্র করেই মঙ্গলবার রাজধানীসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা বিক্ষোভে নামেন।

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝