গোপালগঞ্জে পিতাকে হত্যার দায়ে ছেলে আলীম কাজীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সামছুল হক এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ১৩ মে গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদাহ কাজীর বাজার এলাকায় নিজ বাড়িতে মাদকাসক্ত আলীম কাজী বটি হাতে নিয়ে তার বাবা ইসমাইল কাজীকে গালিগালাজ করতে থাকেন। এ সময় ইসমাইল কাজী তাকে গালিগালাজ করতে নিষেধ করলে আলীম ক্ষিপ্ত হয়ে বটি দিয়ে তার গলায় কোপ দেন।
গুরুতর আহত অবস্থায় স্বজনরা ইসমাইল কাজীকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের অপর ছেলে সেলিম কাজী বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত, সাক্ষ্যগ্রহণ এবং শুনানি শেষে আদালত অভিযুক্ত আলীম কাজীকে দোষী সাব্যস্ত করে এ রায় প্রদান করেন।
রায় ঘোষণার সময় আসামি আলীম কাজী আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এম এম জুলকদর। আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আবু তালেব শেখ।
এমএইচ/আরএন