বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় গাঁজা সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চার ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের রনবাঘা এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় চারজনকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি ও উপস্থিত সাক্ষীদের বক্তব্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী এ সাজা দেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড এবং বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—নন্দীগ্রাম উপজেলার ওমরপুর উত্তরপাড়ার মৃত ছহির উদ্দিনের ছেলে আব্দুল জলিল (২৮)। তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া হাটলাল দিঘীপাড়ার মৃত মকবুল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৪৮) ও ভবানীপুরের মৃত মকবুল হোসেনের ছেলে সাইফুল ইসলাম (৪০)-কে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়।
অন্যদিকে, ওমরপুর উত্তরপাড়ার মৃত ছহির উদ্দিনের ছেলে জয়নাল আবেদীন (৩৮)-কে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আসলাম আলী মণ্ডল ও শামীমা আক্তার।
একেএ/এসআর