ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
Advertisement
নওগাঁয় ভূয়া প্লাটিনাম কয়েন বিক্রয় চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৬:২৪ পিএম
X

নওগাঁয় ভূয়া প্লাটিনাম কয়েন বিক্রয় চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি পুলিশ)। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সারাদিন শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি ভূয়া প্লাটিনাম কয়েন উদ্ধার করা হয়।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল নয়টার দিকে জেলা পুলিশের মিডিয়া সেল গ্রুপে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—ঢাকা জেলার মোহাম্মদপুর থানার আজিজ মহল্লা এলাকার খলিল মিয়ার ছেলে মো. উজ্জ্বল (৪৭), ঝালকাঠি জেলার নলছিটি থানার দপদপিয়া এলাকার সেলিম খানের ছেলে আল মামুন (৪৭), নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার মাহমুদপুর এলাকার ওসমান গণির ছেলে দেলোয়ার (৪৮) এবং নওগাঁ সদর থানার দাসকান্দি এলাকার আব্দুস সোবহানের ছেলে আবু সাঈদ (৩৪)।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গতকাল দুইজন ভুক্তভোগী আমার কাছে এসে জানান যে একদল প্রতারক দুটি মূল্যবান কয়েন দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের কাছে বিক্রি করতে চায়। ইতোমধ্যে প্রতারক চক্র ভুক্তভোগীদের কাছ থেকে বিভিন্ন সময়ে কয়েক লক্ষ টাকা নিয়েছে। ভুক্তভোগীদের কাছে আজ কয়েনগুলো হস্তান্তরের কথা ছিল, কিন্তু তারা বারবার সময়ক্ষেপণ করছিল।

তিনি আরও বলেন, প্রতারক চক্র ভুক্তভোগীদের নওগাঁ শহরের বিভিন্ন স্থানে যেতে বলে। ভুক্তভোগীরা সেখানে গেলে তাদের সঙ্গে দেখা না করে পরে আরও কয়েক লক্ষ টাকা দাবি করে এবং জানায়, টাকা দিলে তবেই কয়েনগুলো হস্তান্তর করবে।

তিনি বলেন, বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি জেলা গোয়েন্দা পুলিশকে আসামি শনাক্ত করে গ্রেপ্তারের নির্দেশ দেন। নির্দেশনা পেয়ে ডিবি পুলিশের টিম বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় শহরের হোটেল ফারিয়াল থেকে তাদের গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তারা জানায়, শহরের এক ব্যক্তির কাছে মূল্যবান প্লাটিনাম কয়েন সংরক্ষিত আছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের আরেকটি হোটেলে অভিযান চালিয়ে এ চক্রের মূল হোতা আবু সাঈদকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে আবু সাঈদের দেওয়া তথ্য অনুযায়ী তার নিজ বাড়ি থেকে দুটি ভূয়া প্লাটিনাম কয়েন উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কেএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝