ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
চরফ্যাশনে ইজারাদারের ছেলেকে পিটিয়ে জখমের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৬:১১ পিএম
X

ভোলার চরফ্যাশনে ইউনিয়ন যুবদল নেতাদের দাবিকৃত চাঁদা না দেওয়ায় আন্তঃউপজেলা ফেরিঘাটের ইজারাদার আবদুল গনি সিকদারের ছেলের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় আহত বেলায়েত সিকদারকে (৩৫) চরফ্যাশন উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার এ ঘটনায় ইজারাদার আবদুল গনি সিকদার বাদী হয়ে যুবদল নেতা আল আমিন সিকদারসহ ৬ জনকে আসামি করে চরফ্যাশন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। এর আগে মঙ্গলবার এ ঘটনা ঘটে।

ইজারাদার আবদুল গনি সিকদার জানান, তিনি আন্তঃউপজেলা ফেরিঘাট ইজারা নিয়ে ট্রলারের মাধ্যমে মনপুরা উপজেলার চরনিজাম কালকিনি থেকে চরফ্যাশন উপজেলার মাদ্রাজ স্লুইজ পর্যন্ত যাত্রী পরিবহন সেবা দিয়ে আসছেন। এ বছরও সরকারি রাজস্ব পরিশোধ করে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে তিনি ঘাটটির ইজারা পেয়েছেন।

মঙ্গলবার ইজারাদার গনি সিকদারের ছেলে ও ট্রলারচালক বেলায়েত সিকদার মনপুরা উপজেলার চরনিজাম কালকিনি থেকে যাত্রী নিয়ে চরফ্যাশন উপজেলার মাদ্রাজ স্লুইজ ঘাটে পৌঁছালে স্থানীয় যুবদল নেতা আল আমিন সিকদারের নেতৃত্বে ফারুক খলিফা, জাকির হোসেন মিয়াজী, সফিক গোলদারসহ অন্য বিবাদীরা ২ লাখ টাকা চাঁদা দাবি করেন।

বেলায়েত সিকদার বৈধভাবে ঘাট ইজারা নেওয়া হয়েছে জানিয়ে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা তার ওপর হামলা চালিয়ে তাকে পিটিয়ে আহত করেন।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত যুবদল নেতা আল আমিন সিকদার ও জাকির মিয়াজী মোবাইল ফোনে বলেন, আমাদের বাদ দিয়ে ঘাট ইজারা নেওয়াকে কেন্দ্র করে হাতাহাতি হয়েছে, চাঁদা দাবির অভিযোগ সঠিক নয়।

চরফ্যাশন আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট হযরত আলী হিরন মামলাটি দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

এসএফ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝