ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
গজারিয়ায় শতবর্ষী রামদী খাল ভরাটের অভিযোগ, দখলচক্রের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৮:২৯ পিএম
X

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার উত্তর ফুলদী এলাকায় শত বছরের পুরোনো রামদী খাল ভরাটের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রভাবশালী একটি চক্র পরিকল্পিতভাবে খালটি দখল ও ভরাট করে এর অস্তিত্ব বিলীন করার পাঁয়তারা করছে।

অভিযোগের কেন্দ্রে রয়েছেন স্থানীয় ব্যক্তি আমিরুল ইসলাম। এলাকাবাসীর ভাষ্য, দীর্ঘদিন ধরে দখল ও দূষণের কারণে খালটি সংকুচিত হয়ে পড়লেও সাম্প্রতিক সময়ে তা দ্রুত ভরাটের মাধ্যমে সম্পূর্ণ দখলের চেষ্টা চলছে।
স্থানীয় বাসিন্দা সালাউদ্দিন বলেন, “এক সময় এই খাল দিয়ে বড় বড় নৌকা চলাচল করত। এখন খাল ভরাট করে এমন অবস্থায় নেওয়া হয়েছে যে, সেতুর নিচ দিয়ে মানুষ হেঁটে চলতে পারে। দ্রুত ব্যবস্থা না নিলে খালটি পুরোপুরি বিলীন হয়ে যাবে।”

আরেক বাসিন্দা মোহাম্মদ আলী জানান, “এই খাল আমাদের জন্মের আগের। পুরো এলাকার মানুষ এই খালের ওপর নির্ভরশীল ছিল। এখন প্রভাবশালী একটি মহল এটি দখল করছে। প্রশাসনের কঠোর হস্তক্ষেপ ছাড়া এটি রক্ষা করা সম্ভব নয়।”

এদিকে স্থানীয়দের অভিযোগ, আমিরুল ইসলাম একা নন—তার সঙ্গে একটি দখলচক্র জড়িত রয়েছে। এ চক্রকে সহযোগিতার অভিযোগ উঠেছে স্থানীয় জনপ্রতিনিধি অপু মেম্বারসহ আরও কয়েকজনের বিরুদ্ধে। তাদের ছত্রছায়ায় খালে খুঁটি বসিয়ে ভরাট কার্যক্রম চালানো হচ্ছে বলে দাবি এলাকাবাসীর।

অভিযোগ অস্বীকার করে আমিরুল ইসলাম বলেন, “জমিটি আমার ক্রয়কৃত সম্পত্তি। উপজেলা সার্ভেয়ারকে অবহিত করেই কাজ করছি। স্থানীয় কিছু ব্যক্তি আমাকে জায়গা নির্ধারণ করে দিয়েছেন।”

তবে এলাকাবাসী এ বক্তব্যকে বিভ্রান্তিকর বলে দাবি করেছেন। তাদের মতে, সরকারি খালকে ব্যক্তি মালিকানার দাবি করে ভরাটের চেষ্টা করছেন আমিরুল ইসলাম গং।

খাল দখলের খবর পেয়ে গজারিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কাজী রিয়াজ বলেন, “যেখানে বর্তমান সরকারপ্রধান তারেক রহমান নদী ও খাল বাঁচানোর জন্য খনন প্রকল্পের কর্মসূচি অগ্রাধিকার ভিত্তিতে হাতে নিয়েছেন, সেখানে গজারিয়া উপজেলার ফুলদী এলাকা দিয়ে প্রবাহমান রামদী খাল একটি আওয়ামী চক্রের লোকজন দ্বারা দখলের পাঁয়তারা চলছে। তাই ঘটনাস্থলে গিয়ে খুঁটি সরিয়ে ফেলতে বলেছি। কোনোভাবেই খাল দখলের সুযোগ দেওয়া হবে না।” তিনি দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, “খাল ভরাটের বিষয়টি শুনেছি। যদি এটি পূর্বে প্রবাহমান খাল হয়ে থাকে, তাহলে আইন অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

এলাকাবাসীর দাবি, অবিলম্বে রামদী খাল দখলমুক্ত করে পুনঃখনন করা না হলে পরিবেশ ও জনজীবনে মারাত্মক প্রভাব পড়বে। পাশাপাশি দখলচক্রের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

এইউ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝