লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পৃথক মাদক ও জুয়াবিরোধী অভিযান চালিয়ে মোট ৭ জনকে আটক করেছে পুলিশ ও উপজেলা প্রশাসন। এ সময় ২২ পিচ ইয়াবাসহ বেশ কিছু গাঁজা জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে স্টেশনপাড়া এলাকায় পাটগ্রাম থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে মতিয়ার রহমান বাবু ওরফে ‘হাত কাটা বাবু’ (৪২) এবং হাসানুর রহমান (৩২)-কে ২২ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মতিয়ার রহমান বাবু পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রসুলগঞ্জ এলাকার মৃত আকবর হোসেনের ছেলে। অপরদিকে, হাসানুর রহমান একই এলাকার মতিয়ার রহমানের ছেলে।
এর আগে, রবিবার পাটগ্রাম থানা পুলিশ জুয়াবিরোধী অভিযান পরিচালনা করে পৌরসভার সোহাগপুর ভান্ডারদহ এলাকা থেকে আবু বক্কর সিদ্দিক সবুজ (৩০) নামে এক ক্যাসিনো ডিলারকে গ্রেপ্তার করে।
মঙ্গলবারের অপর অভিযান অনুযায়ী, সোমবার রাতে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে পৌরসভার বুলবুলের ঘাট এলাকায় মাদক সেবনরত অবস্থায় আরও ৪ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে কিছু গাঁজা জব্দ করা হয়েছে। আটককৃতরা হলেন—ফারুক হোসেন (২৮), বদিরুজ্জামান বাঁধন (৩১), রাজু (২৮) ও মিজানুর রহমান (২৮)।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন জানান, মোবাইল কোর্টের মাধ্যমে আটক চারজনকে প্রত্যেককে ১ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলায় পৃথক অভিযানে মোট ৭ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমএস/আরএন