খুলনার দিঘলিয়া উপজেলা সেনহাটি ইউনিয়ন যুবদল নেতা মুরাদ খাঁ হত্যা মামলার পলাতক আসামি বাকা মাসুদকে (৪৪) গ্রেপ্তার করেছে র্যাব-৬।
গতকাল সোমবার রাতে তাকে মাগুরা জেলার মোহাম্মদপুর থানাধীন ঝাম সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার সেনহাটি ইউনিয়নের বাসিন্দা বাকা মিয়ার ছেলে।
র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, মুরাদ খাঁ যুবদলের স্থানীয় নেতা ছিলেন। গত ১৮ ফেব্রুয়ারি বেলা ১১ টার দিকে উপজেলা চত্বরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দিঘলিয়া থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান ওরফে সাজ্জাদ হোসেন ও তার সঙ্গে থাকা লোকদের মধ্যে কথা কাটাকাটি এবং ধাক্কা-ধাক্কি হয়।
এ ঘটনার জের ধরে গত ২৭ ফেব্রুয়ারি বিকেল ৫ টার দিকে ভিকটিম মুরাদ খাঁ পথের বাজার থেকে জুতা কেনার উদ্দেশ্যে বকশি বাড়ী সংলগ্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর সামনে পৌঁছানো মাত্র বাকা মাসুদ সহ এজাহার নামীয় ১১ জন ও অজ্ঞাতনামা আরও ১২/১৩ জন পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র-শস্ত্র, লোহার রড ও অস্ত্রসস্ত্র নিয়ে ভিকটিম মুরাদ খাঁ এর গতিরোধ করে। পরে তাকে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা মুরাদকে প্রথমে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নেয়। সেখানে তার অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী জান্নাতুল মাওয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামি মাসুদ পালিয়ে ছিল। উন্নত প্রযুক্তির সহায়তা নিয়ে র্যাব ৬ তার অবস্থান নিশ্চিত হয়ে ভাটিয়াপাড়া ক্যাম্পের যৌথ অভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।
এসএমএস/এসআর