ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বাউফলে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে মারামারি
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৬:২৪ পিএম
X

পটুয়াখালীর বাউফলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে দুই দফায় হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের পাবলিক মাঠে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ আহত হননি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৬ মার্চ উপজেলা প্রশাসন বরাবরের মতো স্থানীয় পাবলিক মাঠে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ ও বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করে। ভোরে উপজেলা পরিষদ চত্বরে স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল ৮টায় পাবলিক মাঠে কুচকাওয়াজ শুরু হয়।

কুচকাওয়াজ শুরুর আগেই অতিথিদের জন্য রাখা সামনের সারির আসনে বসেছিলেন উপজেলা জামায়াতের আমির ইসাহাক মিয়া ও সেক্রেটারি খালিদুর রহমানসহ কয়েকজন। অনুষ্ঠান শুরুর আগমুহূর্তে বিএনপির সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের নেতৃত্বে ৪০–৫০ জনের একটি দল বিজয় মিছিল নিয়ে মাঠে প্রবেশ করেন। সহিদুল আলম ও তার স্ত্রী সালমা আলম সামনের সারির নির্ধারিত আসনে বসেন।

চেয়ার খালি না থাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সামনের সারিতে বসতে পারেননি। এ সময় উত্তেজিত হন উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল ফাহাদ। একপর্যায়ে ফাহাদ সামনের সারির চেয়ারে বসা ঢাকার পল্টন থানা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মুজাহিদুল ইসলামকে চেয়ার থেকে সরে যেতে বললে প্রতিবাদ করেন জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাহফুজ হোসেন। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ সময় বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

একটু পর আবার ছাত্রদল নেতা ফাহাদ জামায়াতের কর্মী অহিদুজ্জামানের সঙ্গে তর্কে জড়ান। পরে ফাহাদ ও তার লোকজন অহিদুজ্জামানকে মারধর করেন। তখন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ পুলিশ সদস্যদের সহায়তায় পরিস্থিতি শান্ত করেন।

এ বিষয়ে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক তসলিম তালুকদার বলেন, জামায়াতের নেতাকর্মীরা স্বাধীনতা স্তম্ভে শ্রদ্ধা নিবেদন না করে কুচকাওয়াজ অনুষ্ঠানে গিয়ে চেয়ার দখল করেন। আমাদের নেতা বীরমুক্তিযোদ্ধা ও সাবেক এমপি শহিদুল আলম তালুকদার স্বাধীনতা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে পাবলিক মাঠের অনুষ্ঠানে যান। এ সময় তার সঙ্গে কয়েকজন মুক্তিযোদ্ধা ও বয়স্ক ব্যক্তিবর্গ ছিলেন। কিন্তু মুক্তিযোদ্ধাদের বসার জন্য চেয়ার না দেওয়ায় প্রতিবাদ করেন ছাত্রদল নেতা ফাহাদ। তখন তার সঙ্গে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়।

এ বিষয়টি নিয়ে বৃহস্পতিবার বিকালে উপজেলা জামায়াত কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. খালিদুর রহমান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হেরে যাওয়ার পর সাবেক এমপি শহিদুল আলম তালুকদার ও তার লোকজন পরিকল্পিতভাবে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গণ্ডগোল করেছেন।

এএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝