নোয়াখালীতে চুরি হওয়া দুইটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন হাতিয়া উপজেলার শূণ্যের চর এলাকার মিরাজ উদ্দিনের ছেলে মো. ফয়সাল (৩৫) এবং সুবর্ণচর উপজেলার চর আলাউদ্দিন এলাকার রফিক উল্লাহর ছেলে জাহাঙ্গীর আলম (৩২)।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, শুক্রবার রাতে সদর উপজেলার কাঞ্চন মেম্বারের পুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ১২ জুলাই রাতে নোয়াখালী জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিবেদক আবু নাছের মঞ্জুর মোটরসাইকেলটি চুরি হয়। পরদিন তিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর প্রায় দুই মাস আগে সোনাপুর এলাকা থেকে জয়দেব নামে এক যুবকের মোটরসাইকেলও চুরি হয়েছিল।
তদন্তে জানা যায়, শুক্রবার চক্রের সদস্য ফয়সাল জয়দেবের কাছ থেকে মোটরসাইকেল ফেরত দেওয়ার আশ্বাস দিয়ে বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা নেন। টাকা নেওয়ার পরও মোটরসাইকেল ফেরত না দেওয়ায় জয়দেব ও তার বন্ধুরা আরও টাকা দেওয়ার কথা বলে কৌশলে ফয়সাল ও জাহাঙ্গীরকে একটি নির্দিষ্ট স্থানে ডেকে আনেন এবং পুলিশকে খবর দেন।
খবর পেয়ে সুধারাম মডেল থানার এসআই ফখরুল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে প্রথমে সাংবাদিক আবু নাছের মঞ্জুর চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতেই জয়দেবের মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়।
ওসি মো. নজরুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য বলে জানা গেছে। চক্রটি দীর্ঘদিন ধরে এক জেলা থেকে মোটরসাইকেল চুরি করে অন্য জেলায় পাচার করে আসছিল। এছাড়া সম্প্রতি নোয়াখালী থেকে চুরি হওয়া আরও কয়েকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে বলে পুলিশ ধারণা করছে।
তিনি আরও জানান, চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় দায়ের করা দুইটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার তাদের আদালতে পাঠানো হবে।
এমআর/আরএন