লালমনিরহাটের পাটগ্রামে তিনটি হত্যা মামলার পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) আসামী, বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটগ্রাম পৌর শাখার আমির সোহেল রানাকে পাটগ্রাম থানা পুলিশ গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ২টা ৪০ মিনিটে পাটগ্রাম উপজেলার বেসরকারি এনজিও ব্র্যাক কার্যালয়ের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পাটগ্রাম থানার ওসি নাজমুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে তিনটি হত্যা মামলা হয়। এসব মামলায় লালমনিরহাট আদালত পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে পুলিশি প্রহরায় তাঁকে আদালতে পাঠানো হয়।
এ ব্যাপারে পাটগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি মনোয়ার হোসেন লিটন বলেন, “রাজনৈতিক সহিংসতায় পাটগ্রামের আওয়ামী লীগের দায়ের করা একটি ও পুলিশের দায়ের করা দুইটি মামলায় ওয়ারেন্ট থাকায় পুলিশ সোহেল রানাকে গ্রেপ্তার করেছে। আমরা থানার ওসিকে বলেছি নতুন করে অন্য কোনো মামলায় যেন তাঁকে গ্রেপ্তার দেখানো না হয়। তাঁকে জামিনে মুক্ত করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, “তিনটি মামলায় লালমনিরহাট বিজ্ঞ আদালতের পরোয়ানা (ওয়ারেন্ট) থাকায় সোহেল রানাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।”
এমএইচ/আরএন