ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রূপসায় মাত্র ৪০০ টাকার বিরোধে চায়ের দোকানদার খুন
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১০:২৮ পিএম
X

খুলনার রূপসা উপজেলায় মাত্র ৪০০ টাকা পাওনাকে কেন্দ্র করে মাংস বিক্রেতার হামলায় দীন মোহাম্মদ ঢালী (৫২) নামে এক চা দোকানদার খুন হয়েছে। 

মঙ্গলবার বিকেলে উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকটে এ ঘটনা ঘটে। নিহত দীন মোহাম্মদ ঢালী ওই এলাকার আবুল কাশেম ঢালীর ছেলে। 

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ঘাটভোগ ইউনিয়নের কৃষক দলের আহ্বায়ক ভ্রাম্যমাণ মাংস বিক্রেতা আবুল খায়ের লস্কর ভবানীপুর গ্রামের চায়ের দোকানদার দীন মোহাম্মদ ঢালীর নিকট মাংস বিক্রির বাকি ৪০০ টাকা পেতেন। বেশ কয়েকবার তাগাদা দিয়ে টাকা না পেয়ে আজ বিকেলে সে পুনরায় পাওনা আদায়ে ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকটে দীন মোহাম্মদের চায়ের দোকানে আসে। দেনা-পাওনা নিয়ে প্রথমে দু’জনের মধ্যে কথা কাটাকাটি ও বাগবিতণ্ডা এবং ধস্তাধস্তি হয়। একপর্যায়ে আবুল খায়ের লস্কর চা বিক্রেতা দীন মোহাম্মদকে ইট দিয়ে মাথায় আঘাত করে। এতে সে মারাত্মকভাবে জখম হয়। দীন মোহাম্মদের চিৎকারে আশপাশের লোক এগিয়ে এলে আবুল খায়ের পালিয়ে যায়। 

এসময় স্থানীয়রা দ্বীন মোহাম্মদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ ব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক মীর জানান, ৪০০ টাকা পাওনাকে কেন্দ্র করে দু’জনের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে আবুল খায়ের লস্কর দ্বীন মোহাম্মদকে ইট দিয়ে আঘাত করলে সে গুরুতর জখম হয়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে বলে পুলিশ প্রাথমিকভাবে তথ্য পেয়েছে। 

পুলিশ আবুল খায়ের লস্করকে গ্রেপ্তারের চেষ্টা করছে। এদিকে দীন মোহাম্মদের মৃত্যুতে এলাকায় চাপা ক্ষোভ এবং হতাশা বিরাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়ের হয়নি। 

এসএমএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝