ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পাথরঘাটায় টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৬:০২ পিএম
X

বরগুনার পাথরঘাটায় নদীভাঙন ও জলোচ্ছ্বাস থেকে স্থায়ী সুরক্ষার দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (১৭ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পাঁচচুঙ্গা এলাকার ঝুঁকিপূর্ণ বেরিবাঁধের ওপর আয়োজিত এ কর্মসূচিতে কয়েক শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিবছর দুর্যোগের পর অস্থায়ী সংস্কারের পরিবর্তে দ্রুত স্থায়ী ও টেকসই বেরিবাঁধ নির্মাণ করতে হবে। তাঁদের অভিযোগ, জিনতলা থেকে বাদুরতলা পর্যন্ত বেরিবাঁধ দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিশেষ করে পদ্মা ভাঙন এলাকা ও রুহিতা গ্রামের হাজারো মানুষ প্রতিনিয়ত নদীভাঙন ও জলোচ্ছ্বাসের আতঙ্কে দিন কাটাচ্ছেন।

স্থানীয়দের দাবি, ২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডরের পর ক্ষতিগ্রস্ত বেরিবাঁধ এখনো স্থায়ীভাবে পুনর্নির্মাণ করা হয়নি। বিভিন্ন সময়ে বালুর বস্তা ফেলে সংস্কার করা হলেও তা দীর্ঘমেয়াদে কার্যকর সমাধান দিতে পারেনি।

তাঁরা আরও বলেন, জোয়ার কিংবা বৈরী আবহাওয়ায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়ে। এতে ফসলি জমি, মাছের ঘের ও বসতভিটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। নদীভাঙনে ইতোমধ্যে অনেক পরিবার জমি ও বসতভিটা হারিয়ে মানবেতর জীবনযাপন করছে।

পাথরঘাটা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সগির আলম বলেন, ইউনিয়নের কয়েকটি স্থান বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে যেকোনো সময় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি মাহাবুর রহমান সুমন মোল্লা বলেন, মাটি বা বালুর বস্তা দিয়ে সাময়িক সংস্কারের পরিবর্তে ব্লক বসিয়ে টেকসই বেরিবাঁধ নির্মাণ করতে হবে। অন্যথায় অল্প সময়ের মধ্যেই বাঁধের আরও বড় অংশ নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

পাথরঘাটা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান সাহেদ বলেন, বিষখালী, বলেশ্বর ও বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত এ এলাকার মানুষ বছরের পর বছর ঝুঁকি নিয়ে বসবাস করছেন। তিনি দ্রুত টেকসই বাঁধ নির্মাণে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।

এমএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝