কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে আকস্মিক আঘাত হেনেছে একটি টর্নেডো। কয়েক মিনিট স্থায়ী এই প্রাকৃতিক দুর্যোগে সৈকতে পর্যটকদের ব্যবহারের জন্য রাখা অর্ধশতাধিক চেয়ার ও ছাতা ক্ষতিগ্রস্ত হয়েছে। আকস্মিক ঘটনায় পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (১৭ জুলাই) বিকেল পৌনে তিনটার দিকে টর্নেডোটি সুগন্ধা পয়েন্টে আঘাত হানে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাগরের দিক থেকে ঘূর্ণায়মান বাতাস ধীরে ধীরে বালুচরের দিকে এগিয়ে আসে। কিছুক্ষণের মধ্যেই সেটি সৈকতের একটি অংশে আঘাত হানে। তিন থেকে পাঁচ মিনিট স্থায়ী এই টর্নেডোর তীব্রতায় পর্যটকেরা আতঙ্কিত হয়ে নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি শুরু করেন।
কক্সবাজার কিটকট ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মাহবুবুর রহমান জানান, সাগরের দিক থেকে উঠে আসা টর্নেডোটি সুগন্ধা পয়েন্টে আঘাত হানে। এতে পর্যটকদের জন্য রাখা ৫২টি কাঠের চেয়ার ও ৬১টি ছাতা ভেঙে যায়। আকস্মিক এই ঘটনায় সৈকতের ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়েছেন।
স্থানীয়রা জানান, টর্নেডোর স্থায়িত্ব কম হলেও এর গতি ছিল অত্যন্ত প্রবল। এ সময় চেয়ার, ছাতা ও বিভিন্ন হালকা সামগ্রী বাতাসে উড়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পর্যটকেরা ধীরে ধীরে আবার সৈকতে ফিরতে শুরু করেন।
ঘটনার পর ক্ষতিগ্রস্ত চেয়ার-ছাতা সরিয়ে সৈকতের পরিবেশ স্বাভাবিক করার কাজ শুরু করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা আহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।