ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
এই প্রথম একসঙ্গে এক পরিবারের ৯ জনের কবর খুঁড়লাম
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৮:১২ পিএম আপডেট: ১৩.০৩.২০২৬ ৮:১৬ পিএম
X

দেড় যুগের বেশি সময় ধরে মোংলায় কবরস্থানের দায়িত্ব পালন করছেন বাগেরহাটের মোংলা পৌর কবরস্থানের খাদেম মুজিবুর ফকির। জীবনে প্রথম তাকে একসঙ্গে নয়জনের কবর খুঁজতে হলো, তাও সবাই একই পরিবারের সদস্য।

মুজিবুর ফকির জানান, পরিবারের সম্মতিতে একই স্থানে পাশাপাশি ৯টি কবর খোঁড়া হয়েছে। তিনি বলেন, “১৭ বছর ধরে কবরস্থানের দায়িত্ব পালন করছি, কিন্তু কখনও একসঙ্গে একই পরিবারের এতজনের জন্য কবর খুঁড়তে হয়নি। ঘটনাটি খুবই হৃদয়বিদারক।”

নিহতরা রামপাল উপজেলার বেলাইব্রিজ এলাকায় একটি দুর্ঘটনায় প্রাণ হারান। নৌবাহিনীর স্টাফ বাসের সঙ্গে সংঘর্ষে তাদের বহনকারী মাইক্রোবাসে মোট ১৪ জন নিহত হয়েছেন। আহত একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা একটি বিয়ের আনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন। বুধবার (১১ মার্চ) রাতে খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের নাকসা গ্রামের আবদুস সালাম মোড়লের বাড়িতে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।

বাগেরহাটের মোংলার বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে আহাদুর রহমান ছাব্বির বিয়ে করেন আবদুস সালাম মোড়লের মেয়ে মার্জিয়া আক্তার মিতুকে।

বৃহস্পতিবার (১২ মার্চ) তারা একটি মাইক্রোবাসে বাগেরহাটের মোংলায় বাড়ি ফিরছিলেন।

নিহতদের মধ্যে ছিলেন বর আহাদুর রহমান ছাব্বির, তার বাবা আব্দুর রাজ্জাক, ভাই আব্দুল্লাহ সানি, বোন উম্মে সুমাইয়া ঐশী, ঐশীর ছেলে সামিউল ইসলাম ফাহিম, বড় ভাই আশরাফুল আলম জনির স্ত্রী ফারহানা সিদ্দিকা পুতুল এবং তাদের সন্তান আলিফ, আরফা ও ইরাম—মোট একই পরিবারের ৯ জন।

শুক্রবার (১৩ মার্চ) মোংলার শেহলাবুনিয়া এলাকায় আব্দুর রাজ্জাকের বাড়িতে গিয়ে দেখা যায়, সেই বাড়িসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মোংলা পৌর কবরস্থানে পাশাপাশি ৯টি কবর প্রস্তুত করা হয়েছে। দুপুরে জুমার নামাজের পর উপজেলা মাঠে জানাজার নামাজ শেষে একই পরিবারের নয়জনকে দাফন করা হয়।

স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েকে হারানো আশরাফুল আলম জনি বলেন, “আমার সব শেষ হয়ে গেছে। স্ত্রী-সন্তান, ভাই-বোন—সবাইকে হারালাম। আমি এখন একা হয়ে গেলাম।”

নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বাগেরহাট জেলা প্রশাসন। জেলা প্রশাসক (ডিসি) গোলাম মো. বাতেন ও পুলিশ সুপার (এসপি) হাসান চৌধুরী ঘটনাস্থল ও নিহতদের বাড়ি পরিদর্শন করেছেন।

জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, “জেলা প্রশাসনের ত্রাণ তহবিল, জেলা পরিষদ এবং সড়ক পরিবহন আইনের ৫৪ ধারার আওতায় নিহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে।”

এদিকে মর্মান্তিক ওই দুর্ঘটনায় সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সাংসদ ও প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নিশ্চিত করেছেন, “প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে আমি ও সরকারের জেলার কর্মকর্তাগণ ঘটনাস্থলে ছুটে এসেছি। দুর্ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে।”

জেইউ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝