পার্বত্য চট্টগ্রাম চুক্তি লঙ্ঘন করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে অ-পাহাড়ি মীর হেলাল উদ্দিনকে নিয়োগ দেওয়ার প্রতিবাদে তাকে প্রত্যাহারের দাবিতে পার্বত্য চট্টগ্রামের স্থায়ী অধিবাসীদের পক্ষ থেকে রাঙামাটিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধানমন্ত্রী বরাবর দেওয়া স্মারকলিপি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিনের কাছে তুলে দেওয়া হয়।
স্মারকলিপিতে দাবি করা হয়, পার্বত্য চট্টগ্রাম চুক্তির ঘ খণ্ডের ১৯ নম্বর অনুচ্ছেদে বলা আছে যে, উপজাতীয়দের মধ্য থেকে একজন মন্ত্রী নিয়োগ করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় গঠন করা হবে। এছাড়া মন্ত্রণালয়কে সহায়তা করার জন্য একটি উপদেষ্টা কমিটি গঠন করা হবে। কিন্তু পার্বত্য মন্ত্রণালয়ে একজন অ-পাহাড়ি সংসদ সদস্য মীর হেলাল উদ্দিনকে নিয়োগ দেওয়া পার্বত্য চট্টগ্রাম চুক্তির সঙ্গে সাংঘর্ষিক এবং বিধিসম্মত নয়। এতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অ্যালোকেশন অব বিজনেস অনুযায়ী দায়িত্ব ও কর্তব্য সম্পাদনে জটিলতা ও বিশৃঙ্খলা দেখা দেবে। তাই দ্রুত মন্ত্রণালয়ে পদায়নকৃত অ-পাহাড়ি প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিনকে প্রত্যাহারের দাবি জানানো হয়।
এছাড়াও স্মারকলিপিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী পদে কাউকে পদায়ন না করার পাশাপাশি রোডম্যাপ প্রণয়ন করে দ্রুত পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের দাবিও জানানো হয়।
স্মারকলিপি প্রদানকালে জুম এস্থেটিকস কাউন্সিলের সভাপতি শিশির চাকমা, আদিবাসী ফোরাম রাঙামাটি অঞ্চলের সাধারণ সম্পাদক ইন্টু মনি চাকমা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহসভাপতি ভবতোষ দেওয়ান, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিতা চাকমা এবং জনসংহতি সমিতি রাঙামাটি জেলা সভাপতি গঙ্গা মানিক চাকমাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসআই/আরএন