ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ব্র্যাকের একটি কর্মসূচি পরিদর্শন করেছেন ব্যারিস্টার জাইমা রহমান। বুধবার সকালে উপজেলার দেওখোলা ইউনিয়নের পশ্চিম কালীবাজাইল এলাকায় মোতালেব ড্রাইভারের বাড়িতে আয়োজিত ব্র্যাকের ‘আল্ট্রা-পুওর গ্রাজুয়েশন’ প্রোগ্রামে অংশগ্রহণ করেন তিনি।
বৈঠকে একজন প্রতিবন্ধী সদস্যসহ পাঁচ সদস্যের একটি দলের কথা শোনেন এবং ব্র্যাকের পরিকল্পনা সম্পর্কে অবহিত হন জাইমা রহমান। ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদের মেয়ে ও ‘ব্র্যাক এন্টারপ্রাইজেস’-এর ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদসহ ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
ব্র্যাকের আল্ট্রা-পুওর গ্রাজুয়েশন (টিইএ) প্রোগ্রাম দেশের চরম দরিদ্র পরিবারগুলোকে, বিশেষ করে নারীদের, ২৪ মাসের নিবিড় সহায়তার মাধ্যমে দারিদ্র্যসীমার উপরে তুলে আনার একটি সফল ও বিশ্বস্বীকৃত উদ্যোগ। এ কর্মসূচির আওতায় সম্পদ স্থানান্তর (যেমন: গরু, ছাগল, হাঁস-মুরগি বা ক্ষুদ্র ব্যবসার সরঞ্জাম বিনামূল্যে প্রদান), দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা এবং সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীদের আত্মনির্ভরশীল করে তোলা হয়।
কর্মসূচির অংশ হিসেবে উপকারভোগী নারীদের জীবনের পরিবর্তনের গল্প সরাসরি জানার সুযোগ সৃষ্টি হয়।
এএস/আরএন