চট্টগ্রামের রাউজান উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার অলি মিয়া হাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. মুজিব। তিনি স্থানীয় সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের পর অলি মিয়া হাটের একটি চায়ের দোকানে বন্ধুদের সঙ্গে অবস্থান করছিলেন মুজিব। একপর্যায়ে তিনি দোকান থেকে বের হয়ে সড়কের দিকে এগিয়ে গেলে ওঁত পেতে থাকা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তার কপাল, বুক ও পেটে একাধিক গুলি লাগে। গুলির শব্দে বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, ঘটনাটি রাজনৈতিক কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরএন