বগুড়ার নন্দীগ্রামে ৫০ পিস ইয়াবাসহ হোসেন আলী (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে নন্দীগ্রাম পৌর এলাকার কলেজ পাড়া থেকে তাকে আটক করা হয়।
আটক হোসেন আলী ওই এলাকার হাফিজুর রহমানের ছেলে। স্থানীয়দের সহায়তায় উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক ও পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন তাকে আটক করেন বলে জানা গেছে। পরে খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করে তাকে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের দাবি, হোসেন আলী একসময় কাঠের খড়ি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং বিভিন্ন হোটেলে খড়ি সরবরাহ করতেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর তার জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন দেখা যায় বলে দাবি করেন তারা। দরিদ্র পরিবার থেকে উঠে এলেও হঠাৎ তার আর্থিক অবস্থার পরিবর্তন নিয়ে এলাকায় আলোচনা তৈরি হয়।
স্থানীয়দের আরও দাবি, বর্তমানে তিনি একাধিক মোটরসাইকেল, বিলাসবহুল গাড়ি এবং বড় বাড়ির মালিক হয়েছেন। তবে তার এই আর্থিক পরিবর্তনের উৎস নিয়ে তাদের মধ্যে প্রশ্ন রয়েছে।
উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক ও পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন বলেন, হোসেন আলী দীর্ঘদিন ধরে কলেজ পাড়াসহ উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে স্থানীয়দের নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, ৫০ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
একেএ/এসআর