জামালপুরের মেলান্দহ রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে দুইজন টিকিট কালোবাজারিকে গ্রেপ্তার করেছে জিআরপি। এ সময় তাদের কাছ থেকে ৩০টি আসনের ১০টি অনলাইন টিকিট উদ্ধার করা হয়।
শনিবার (১৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর রেলওয়ে থানা (জিআরপি) পুলিশ এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. বিল্লাল (৩০) ও সিরাজুল ইসলাম (৩০)। তারা পেশাদার টিকিট কালোবাজারি বলে জানা গেছে।
জিআরপি জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ঢাকা-মেলান্দহসহ স্থানীয় রুটের তিস্তা ও ব্রহ্মপুত্র এক্সপ্রেসসহ কয়েকটি আন্তঃনগর ট্রেনের অনলাইন টিকিট কালোবাজারি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মেলান্দহ রেলওয়ে স্টেশন এলাকায় জিআরপি বিশেষ অভিযান চালায়।
এ সময় বিল্লালের কাছ থেকে তিস্তা এক্সপ্রেসের ১৮টি আসনের ৭টি টিকিট এবং সিরাজুল ইসলামের কাছ থেকে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের ১২টি আসনের ৩টি টিকিট জব্দ করা হয়।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, “গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে কালোবাজারির কথা স্বীকার করেছেন। তারা পরিচিত ব্যক্তিদের মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে অগ্রিম অনলাইনে ট্রেনের টিকিট সংগ্রহ করে নিজেদের কাছে সংরক্ষণ করতেন। পরে চাহিদা অনুযায়ী যাত্রীদের কাছে দ্বিগুণ দামে টিকিট বিক্রি করতেন।”
এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানান।
জেডজেড/এসআর