পঞ্চগড়ে বিএনপি নেতা মো. মুসলিমের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। মুসলিম পঞ্চগড় সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক। অভিযোগ সূত্রে জানা গেছে, তিনি রাস্তা বন্ধ করে বালু ভর্তি ট্রাক আটক করে অতিরিক্ত টাকা দাবি করেছেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) পঞ্চগড় সদর থানায় বালু ব্যবসায়ী আনিসুর রহমান মুসলিমসহ তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ট্রাকগুলো উদ্ধার করে।
লিখিত অভিযোগে বলা হয়েছে, শালটিয়াপাড়া গ্রামে চাওয়াই নদীর বালু মহাল থেকে নিয়মিত বালু উত্তোলন করেন আনিসুর। তিনি ইউনিয়ন পরিষদে প্রতি ট্রাক বাবদ ১০০ টাকা কর দিচ্ছেন। কিন্তু শনিবার মুসলিম ও তার লোকজন পাকা রাস্তায় ট্রাকগুলো আটক করে, গাড়ি প্রতি ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। অভিযোগে বলা হয়েছে, চাঁদা না দিলে ট্রাক ছাড়া হবে না এবং নদী থেকে বালু উত্তোলন করতে দেওয়া হবে না। ঘটনাস্থলে আনিসুর ও তার ছেলের সঙ্গে মুসলিমের লোকজনের কথাকাটাকাটি ও মারমুখী আচরণ হয়।
এ বিষয়ে পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল ইমরান ও স্থানীয় ইউপি সদস্যরা মীমাংসার চেষ্টা করেন। কিন্তু রবিবার সকালেও মুসলিম ও তার লোকজন আবারও ট্রাকগুলো আটক করেন। এ ঘটনায় আনিসুর থানায় লিখিত অভিযোগ দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক উদ্ধার করে এবং পরিস্থিতি শান্ত করে।
অভিযুক্ত মুসলিম দাবি করেছেন, “আমি ইউনিয়ন পরিষদ থেকে রাস্তা ইজারা নিয়েছি। ট্রাকের টোল না দেওয়ায় কথা কাটাকাটির ঘটনা ঘটেছে। চাঁদাবাজির অভিযোগ প্রমাণ করা সম্ভব নয়।”
পঞ্চগড় সদর থানার ওসি আশরাফুল ইসলাম জানান, “লিখিত অভিযোগের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। প্রয়োজন হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এসআইএস/এসআর