লালমনিরহাটের পাটগ্রামে এক স্কুল ছাত্রীকে যৌন হয়রানির (ইভটিজিং) দায়ে রানা ইসলাম (২১) নামের এক যুবককে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বুড়িমারী ইউনিয়নের আলীমুদ্দিন ছবুর উদ্দিন বালিকা উচ্চবিদ্যালয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত রানা ইসলাম বুড়িমারী ইউনিয়নের হাদিসপাড়া এলাকার রেজাউল ইসলামের ছেলে।
জানা যায়, সোমবার দুপুর ১২টার দিকে বুড়িমারী ইউনিয়নের আলীমুদ্দিন ছবুর উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের পাঠদান চলাকালে বিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশ করেন রানা ইসলাম নামের এক যুবক। এ সময় তিনি এক ছাত্রীর উদ্দেশ্যে আপত্তিকর মন্তব্য করেন। বিষয়টি টের পেয়ে স্কুল কর্তৃপক্ষ পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করেন।
সংবাদ পেয়ে ইউএনও ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযোগের সত্যতা পাওয়ায় দণ্ডবিধি, ১৮৬০-এর ৫০৯ ধারায় রানা ইসলামকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
আদালত পরিচালনার সময় পাটগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলামসহ পুলিশের একটি দল সহায়তা করেন।
এ বিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন বলেন, স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের বিষয়ে অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়েছি। সেখানে অভিযুক্ত যুবক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে কারাদণ্ড দেওয়া হয়।
এমএইচএস/এসআর