বরগুনার আমতলীতে গাছ থেকে পড়ে মাখন (২৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (তারিখ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাতাকাটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, পাতাকাটা গ্রামের লক্ষ্মী কান্তের ছেলে মাখন একই এলাকার লিটনের সঙ্গে দিনমজুর হিসেবে কাজ করছিলেন। কাজের একপর্যায়ে লিটনের রেইন্টি গাছ কাটার জন্য মাখন গাছে ওঠেন। গাছ কাটার সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আমতলী থানার উপপরিদর্শক (এসআই) সাখওয়াত হোসেন জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
নিহতের পিতা লক্ষ্মী কান্ত বলেন, “আমার ছেলে গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়।”
আমতলী থানার তদন্ত কর্মকর্তা মো. সাইদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এএসকে/ এসআর