ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নির্বাচিত হলে উত্তরবঙ্গে প্রথম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: ডা. শফিকুর রহমান
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৯:৩৭ পিএম
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে উত্তরবঙ্গে সর্বপ্রথম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৩ জানুয়ারি) রংপুর নগরীর পাবলিক লাইব্রেরি মাঠে ১০ দলীয় ঐক্য জোট আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

ডা. শফিকুর রহমান বলেন, “নদী জীবন ফিরে পেলে উত্তরবঙ্গ জীবন ফিরে পাবে। তাই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতেই হবে। এতে কার ভালো লাগবে আর কার লাগবে না—তা বিবেচ্য নয়। জনগণ আমাদের দায়িত্ব দিলে, উত্তরবঙ্গে প্রথম তিস্তাতেই কোদাল বসানো হবে।”

তিনি অভিযোগ করেন, গত ১৭ বছর দেশে ফ্যাসিবাদী শাসনের মাধ্যমে জনগণকে নিপীড়ন করা হয়েছে এবং নাগরিকদের মানবিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। সীমাহীন লুটপাটের মাধ্যমে বিদেশে সম্পদের পাহাড় গড়া হলেও জনগণের শান্তি নিশ্চিত হয়নি বলে মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির বলেন, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত দেশে হত্যা, গুম ও রাজনৈতিক সহিংসতার দীর্ঘ তালিকা রয়েছে। 

এ সময় তিনি জামায়াত-শিবির নিষিদ্ধকরণ এবং দলের শীর্ষ নেতাদের হত্যার অভিযোগও তুলে ধরেন।

ডা. শফিকুর রহমান দাবি করেন, জামায়াতে ইসলামী কখনো নিরীহ মানুষকে হয়রানি করেনি বা মুক্তির বিনিময়ে অর্থ আদায় করেনি। তিনি বলেন, “আমরা চাঁদাবাজি, দুর্নীতি ও প্রতারণামুক্ত বাংলাদেশ গড়তে চাই। মিথ্যা ও অসৎ রাজনীতিকে লাল কার্ড দেখাতে হবে।”

ধর্মীয় সম্প্রীতির প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশকে কোনোভাবেই পাকিস্তান, আফগানিস্তান বা ইরানের মতো রাষ্ট্রে পরিণত করার পরিকল্পনা নেই। “আমরা একটি গর্বের, মানবিক বাংলাদেশ চাই,”—যোগ করেন তিনি।

নারীর ক্ষমতায়ন বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত বেকার ভাতার পরিবর্তে কর্মসংস্থান সৃষ্টিতে বিশ্বাসী। যোগ্যতার ভিত্তিতে নারী-পুরুষ সবার জন্য সম্মানজনক কাজের সুযোগ নিশ্চিত করা হবে।

এ সময় তিনি আরও বলেন, জামায়াতের সঙ্গে কাজ করতে চাইলে তিনটি শর্ত মানতে হবে—দুর্নীতি না করা, বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ না করা এবং ব্যর্থ পুরোনো রাজনীতি পরিহার করা।

জনসভায় ডা. শফিকুর রহমান ঘোষণা দেন, উত্তরবঙ্গকে কৃষিশিল্পের রাজধানীতে পরিণত করা হবে এবং প্রয়োজনে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে।

রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খানের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি কেএম আনোয়ারুল হক কাজলের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন—এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, রংপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, জেলা জামায়াতের আমির ও রংপুর-৫ আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক গোলাম রব্বানী, রংপুর-৬ আসনের মনোনীত প্রার্থী মাওলানা নুরুল আমিন, রংপুর-১ আসনের মনোনীত প্রার্থী মো. রায়হান সিরাজীসহ অন্যরা।

এলওয়াই/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝