বরগুনার আমতলীতে তানজিলা আক্তার অ্যানি (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রবিবার রাতে আমতলী পৌর শহরের আব্দুল্লাহ সুপার মার্কেটের পেছনে হানিফ কটেজের তৃতীয় তলায় একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৫ সালে আমতলী উপজেলার পশ্চিমচিলা গ্রামের মৃত জলিল গাজীর মেয়ে তানজিলা আক্তার অ্যানির সঙ্গে একই উপজেলার ছুরিকাটা গ্রামের সোবাহান মৃধার ছেলে সুজন মৃধার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের চার বছর ও দুই বছর বয়সী দুটি সন্তান রয়েছে।
শনিবার সকালে অ্যানি নতুন বাজার বাঁধঘাট এলাকায় তার মায়ের বাসায় বেড়াতে যান এবং বিকেলে ভাড়া বাসায় ফিরে আসেন। সন্ধ্যায় তার স্বামী সুজন মৃধা বাসায় ফিরে ঘরের দরজা বন্ধ দেখতে পান। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তিনি আমতলী থানা পুলিশকে খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরের ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় অ্যানির মরদেহ উদ্ধার করে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গির হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এএসকে/ এসআর