কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভারতীয় মোবাইল ফোন ডিসপ্লেসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার রাত সাড়ে ৭টার দিকে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন কুলাহাট চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।
আটককৃত সোহাগ হোসেন (২৭) কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কবিরমামুদ গ্রামের বাসিন্দা।
বিজিবি জানায়, ফুলবাড়ী সীমান্ত এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ মোবাইল ফোনের ডিসপ্লে লালমনিরহাটের দিকে আসছিলেন সোহাগ। রোববার রাতে কুলাহাট চেকপোস্টে সন্দেহজনক ব্যক্তিকে ইজিবাইকযোগে আসতে দেখে তাকে চ্যালেঞ্জ করা হয়। সে সময় তল্লাশি করে ইজিবাইকের ভেতরে থাকা ভারতীয় মোবাইল ফোনের ১ হাজার ৪৮টি ডিসপ্লে জব্দসহ চোরাকারবারী সোহাগ হোসেনকে আটক করা হয়। ডিসপ্লের আনুমানিক মূল্য ২২ লক্ষ ৮০০ টাকা।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, 'পণ্য চোরাচালান জাতীয় অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর। এর ফলে দেশীয় বাজারে ভারসাম্য নষ্ট হয়, সরকার তার ন্যায্য রাজস্ব থেকে বঞ্চিত হয় এবং সীমান্তবর্তী এলাকায় অপরাধমূলক চক্র সক্রিয় হয়। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি দৃঢ় অবস্থান গ্রহণ করেছে। সীমান্তে নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা এবং চেকপোস্ট কার্যক্রমের মাধ্যমে বিজিবি তার অপারেশনাল কর্মকান্ড অব্যাহত রেখেছে।'
এসি/এমএ