রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় এক ব্যাটারিচালিত রিকশাচালককে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে তার রিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল (১৬ জুলাই) দিবাগত রাতে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের চামেলী পার্ক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত চালকের নাম জাহিদ বিশ্বাস। তিনি গোয়ালন্দ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জবানি পাড়ার বাসিন্দা জামাল বিশ্বাসের ছেলে।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে গোয়ালন্দ ঘাট থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, জাহিদ বিশ্বাস পেশায় একজন রাতের শিফটে ব্যাটারিচালিত রিকশাচালক ছিলেন। গত ৪–৫ দিন ব্যাটারির সমস্যার কারণে তিনি রিকশা চালাতে পারেননি। গতকাল নতুন ব্যাটারি কিনে রাতে রিকশা চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তবে রাতে আর বাড়ি ফেরেননি।
আজ শুক্রবার দেবগ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চামেলী পার্ক এলাকার ইটের রাস্তার পূর্ব পাশে স্থানীয়রা তার মরদেহ পড়ে থাকতে দেখে গোয়ালন্দ ঘাট থানায় খবর দেন।
সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহিদুল ইসলাম এবং গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তার গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে ব্যাটারিচালিত রিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
এসআই/আরএন