ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
জামালপুরে স্কুলছাত্র অপহরণের ৭ ঘণ্টা পর উদ্ধার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩৫ পিএম
X

জামালপুরে বাসার সামনে থেকে অপহরণের ৭ ঘণ্টা পর নয় বছরের এক স্কুলছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে শিশুটিকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জামালপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শিশুটির বাবা।

পুলিশ জানায়, জামালপুর পৌর শহরের স্টেশন রোড এলাকায় আল করিম আবাসিক হোটেলের পেছনে বসবাসকারী ব্যবসায়ী সাজ্জাতুল ইসলাম পাপনের ছেলে স্থানীয় এম এ গফুর মেমোরিয়াল একাডেমির তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। প্রতিদিনের মতো সোমবার দুপুরে স্কুলবাস থেকে নামার পর বাসায় ফেরার পথে অজ্ঞাত দুই ব্যক্তি তাকে ডাক দেয়। কাছে যাওয়া মাত্রই শিশুটির ওপর কিছু স্প্রে করা হয়। এরপর থেকে সে আর কিছু মনে করতে পারেনি।

শিশুটি বাসায় না ফেরায় পরিবার খোঁজাখুঁজি শুরু করে। পরে বিকেল সাড়ে ৫টার দিকে এক অজ্ঞাত ট্রেনযাত্রী শিশুটির বাবাকে ফোন করে জানান, তার ছেলে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে কান্নাকাটি করছে। খবর পেয়ে পরিবার ময়মনসিংহে গিয়ে রেলওয়ে পুলিশের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে।

ব্যবসায়ী সাজ্জাতুল ইসলাম পাপন বলেন, “আমার সন্তানের নিরাপত্তা নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। কে বা কারা তাকে জামালপুর থেকে ময়মনসিংহে নিয়ে গেছে তা এখনও পরিষ্কার নয়। পুলিশকে বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে অপহরণকারীদের গ্রেপ্তারের অনুরোধ করেছি।”

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক জানান, অভিভাবকের করা সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে জেলা গোয়েন্দা পুলিশ।

এলএইচএল/এসআর


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝